• ই-পেপার

উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল দিনমজুর নারীর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (২৯ জুন) ডিএমপির রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি, ৩২৭টি মোটরসাইকেলসহ মোট ৫২৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

পাওনা টাকার জেরে তিনজনকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
পাওনা টাকার জেরে তিনজনকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন একজনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বনানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত সুমন মিয়া (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় তার মৃত্যু হয়।

বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে গত শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়ারলেস গেট শিশু মেলা স্কুলের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের এক নারীসহ তিনজন গুরুতর আহত হন। নিহত সুমন মিয়া ছাড়া বাকি আহত ব্যক্তিরা হলেন তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।

জানা গেছে, আহত সোনিয়া স্থানীয় আরিফ নামের এক ব্যক্তির কাছে দুই লাখ টাকা পেতেন। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে মারা যান সুমন।

এসআই মো. জানে আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাতে মেট্রোর সময় বাড়ছে, মার্চে যাবে কমলাপুর

নিশাত বিজয়
রাতে মেট্রোর সময় বাড়ছে, মার্চে যাবে কমলাপুর
সংগৃহীত ছবি

রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তাদের ধারণা, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রো রেলের দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে। 

বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রো রেলের চলাচলের সময়ও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাতে ২০ মিনিট সেবা বাড়ানোর পরই দৈনিক প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন গড়ে চার লাখ ১০ হাজার যাত্রী চলাচল করছেন। ৭ জুন থেকে রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর আগে এ সংখ্যা ছিল প্রায় চার লাখ। সময় বাড়ানোর পর কোনো কোনো দিন যাত্রীসংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। শুধু অতিরিক্ত দুটি ট্রিপেই নয়, রাতের আগের ট্রিপগুলোতেও যাত্রীর সংখ্যা বেড়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মেট্রো রেলের চলাচলের সময় ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা আমাদের আগেও ছিল। তবে সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। রাতে মেট্রো রেল বন্ধ হওয়ার পরই রক্ষণাবেক্ষণের মূল কাজ শুরু হয়। ট্রেন ডিপোতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, রক্ষণাবেক্ষণ এবং পরদিন ভোরে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান সম্পন্ন করতে হয়। তাই চাইলেই রাতারাতি সময় বাড়ানো সম্ভব নয়। তবে সম্প্রতি সময় বাড়ানোর পর যাত্রী বেড়েছে। কমলাপুর স্টেশন চালু হলে তখন সেবার পরিধি আরো বাড়ানোর সুযোগ তৈরি হবে।’

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে চলাচলের সময় আরো বাড়ানো হলে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।

দৈনিক ১৮ ঘণ্টা মেট্রো চালানোর দাবি যাত্রীদের 

মেট্রো রেলের নিয়মিত যাত্রীরা বলছেন, রাজধানীর মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু রাখা উচিত।

মিরপুরের পল্লবীর বাসিন্দা মেরিনা আক্তার বলেন, পরিবার নিয়ে প্রায়ই নরসিংদী যেতে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টার ট্রেন ধরতে হয়। কিন্তু এত সকালে মেট্রো রেল চালু না থাকায় সিএনজি বা অন্য যানবাহনের ওপর নির্ভর করতে হয়। কমলাপুর স্টেশন চালু হওয়ার পাশাপাশি সকাল ৬টা থেকে মেট্রো রেল চললে অনেক যাত্রী উপকৃত হবেন।

মিরপুর থেকে নিয়মিত কারওয়ান বাজারে অফিস করেন একুশ তফাদার। তিনি বলেন, মেট্রো রেল চালুর সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনো পূর্ণ সময় চালু হয়নি। কর্মদিবসে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীর চাহিদা থাকে। তাই দ্রুত সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রো রেল চালু করা উচিত। একই সঙ্গে শুক্রবারও সকাল থেকে সেবা চালুর দাবি জানান তিনি।

আগামী মার্চে চালু হবে কমলাপুর স্টেশন 

২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, উত্তরা থেকে মতিঝিল অংশে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী চলাচলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রো রেলের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্রীদের বড় একটি অংশ মেট্রো রেলে যুক্ত হবেন। পাশাপাশি গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশপাশের এলাকার নতুন যাত্রী যুক্ত হওয়ায় দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালানো সম্ভব হলে দৈনিক যাত্রীসংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারে।

এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলো ঘিরে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিশেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এক গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

এই আদেশ ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।