• ই-পেপার

রাজধানীতে ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন উত্তরা পশ্চিম থানার খালিদ মুনসুর

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন উত্তরা পশ্চিম থানার খালিদ মুনসুর
ডিএমপির শ্রেষ্ঠ নির্বাচিত ওসি মোহাম্মদ খালিদ মুনসুরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর। 

বুধবার (১৭ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তরা পশ্চিম থানা ওসি খালিদ মুনসুরকে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ (ডিএমপির) পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মে মাসের বিভিন্ন অপরাধ দমন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ সেবামূলক কাজের সার্বিক বিষয়ে তাকে পুরস্কার দেওয়া হয়।

কৃতিত্বপূর্ণ এই অর্জনে এক প্রতিক্রিয়ায় (ওসি) খালিদ মুনসুর বলেন, ‘এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি পশ্চিম থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উত্তরার জনগণকে ধন্যবাদ জানান।’

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা করা হয়। এ অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা সব ধরনের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পরবর্তীতে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের উপযোগী করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মিথ্যাচারের বিরুদ্ধে রাজধানীতে যুবদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মিথ্যাচারের বিরুদ্ধে রাজধানীতে যুবদলের প্রতিবাদ মিছিল
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় যুবদলের নেতাকর্মীরা স্লোগান দেন, ‘যুবদল গড়বে দেশ, সব ষড়যন্ত্র করবে শেষ', ‘মিথ্যাচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত, অপপ্রচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত’, ‘মিথ্যাচারের রাজনীতি চলবে না চলবে না, অপপ্রচারের রাজনীতি চলবে না চলবে না’।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হুঁশিয়ারি দিয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি, মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা বসে থাকব না। যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবেলা করব। জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ‘গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে যুবদল কিন্তু আবার বাশের লাঠি হাতে নিতে প্রস্তুত আছে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

রাজধানীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডা থানার ৪২ নম্বর ওয়ার্ডের ইয়াসিন নগর খালের পানিতে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তা ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বলেন, উদ্ধার হওয়া লাশটি বেশ কয়েক দিন আগের। অতিরিক্ত পচে যাওয়ার কারণে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই মাহবুবুল আলম বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’