• ই-পেপার

সাদাপাথরে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

বৃদ্ধা মা ও কিশোরী মেয়েকে নির্যাতন, চট্টগ্রামে মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৃদ্ধা মা ও কিশোরী মেয়েকে নির্যাতন, চট্টগ্রামে মাদকাসক্ত ব্যক্তির কারাদণ্ড
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মা ও নিজের কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতনের দায়ে মো. কামাল উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিয়মিত পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে মাটিতে ফেলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া মাতৃহীনা কিশোরী মেয়ের সঙ্গেও তিনি প্রায়ই আপত্তিকর ও অপ্রীতিকর আচরণ করতেন। বাবার এমন আচরণের কারণে মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় কামালের বাড়িতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভুক্তভোগী বৃদ্ধা মা ও কিশোরী মেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন।

অভিযানকালে বসতঘর তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধা মা ও নিজের মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (২৫)।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে উচনা সীমান্তসংলগ্ন বাংলাদেশ অংশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দ করা স্বর্ণের বার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। এই সময় পাঁচজনকে আটক করা হয়।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামে ‘শীর্ষ ছিনতাইকারী’ মুন্নাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘শীর্ষ ছিনতাইকারী’ মুন্নাসহ গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের অন্যতম শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মহিউদ্দিন মুন্নাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের চকবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন মহিউদ্দিন মুন্না (৩০), মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

ওসি নূর হোসেন মামুন বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি জানান, গ্রেপ্তার মহিউদ্দিন মুন্নার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি সাজা ভোগ করেছেন, আর কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।