ময়মনসিংহের ভালুকায় হাফিজুল (৩১) ও তার শিশুপুত্র ইব্রাহীমকে (১১) অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুলের ছোট ভাই মো. মিলন ফকির বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।
অপহৃত হাফিজুল পিরোজপুর ইন্দুরকান্দি থানার চর বলেশ্বরগ্রামের আবদুল জলিল ফকিরের ছেলে। তিনি উপজেলার হবিরবাড়ির ইউনিয়নের আমতলী এলাকার কবির হোসেনের বাড়িতে ভাড়া বসবাস করতেন। তিনি ও তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্যের জের ধরে গত ২৩ জুন দুপুরে হাফিজুল তার ১১ বছর বয়সী শিশুপুত্র ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বাসার মালামালসহ গাড়িতে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। বিষয়টি তার স্ত্রীর বড় বোন শাহিনা বেগম মোবাইলে হাফিজুলের পরিবারকে জানায়। এরপর থেকে হাফিজুলের মোবাইল বন্ধ ছিল।
পরে রাত ৯টার দিকে হাফিজুলের মোবাইল থেকে তার পরিবারকে জানানো হয়, হাফিজুলকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে। অন্য আরেকটি নম্বর থেকে ফোন করে তার মুক্তি বাবদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হাফিজুলকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হাফিজুলের ভগ্নিপতি শহিদুল ইসলাম জানান, মুক্তিপণের ৫০ হাজার টাকার জন্যে বারবার ফোন করছে এবং টাকার জন্যে হাফিজুলকে মারধরও করছে।
ভালুকা মডেল থানায় এসআই সোহেল রানা জানান, ওই ঘটনায় অভিযেগ পাওয়া গেছে। ভিক্টিম উদ্ধারে চেষ্টা চলছে।




