• ই-পেপার

পথকুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, ঘাতক গ্রেপ্তার

শালবাড়ীর পালপাড়ায় সেই মুখরতা নেই

মো. তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ)
শালবাড়ীর পালপাড়ায় সেই মুখরতা নেই
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন শালবাড়ীর পালপাড়ার একটি কুমার পরিবারে। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

মৃৎশিল্পের জন্য বিখ্যাত একটি প্রাচীন জনপদ শালবাড়ী। নওগাঁর নিয়ামতপুর উপজেলার এই গ্রামে রয়েছে একটি কুমারপাড়া। কয়েক শ বছর ধরে সেখানে বসতি তাদের। বসতির বয়স যত, মৃৎপণ্য প্রস্তুতের বয়স তত। 

একটা সময় ছিল, শালবাড়ীর কুমারপাড়া মুখর থাকতো কুমারদের কর্মচাঞ্চল্যে। তবে সেই দিন আর নেই। কালের বিবর্তনে চাহিদা কমে গেছে এ শিল্পের। তাই বাঁচার তাগিদে মৃৎশিল্পী বাপ-দাদার এই পেশা ছেড়ে দিয়েছেন, চলে গেছেন অন্য পেশায়। কেউ কেউ ধরে রাখলেও তারা নানা সমস্যায় জর্জরিত। 

মৃৎশিল্পীরা জানান, কালের বিবর্তনে প্লাস্টিক পণ্যের সহজলভ্যতায়  এই শিল্প এখন বিলুপ্তির পথে। তাদের অনেকে বংশ পরম্পরায় এ পেশায় নিয়োজিত। তাদের হাতের ছোঁয়ায় নিমিষেই তৈরি হয় সুন্দর সব মাটির পণ্য। দৃষ্টিনন্দন ফুলদানি, তৈজষপত্র, সরা, মটকা, সুরাই, পেয়াালা, পশু-পাখি, মাটির ব্যাংক ইত্যাদি। তবে এর আগের সেই জৌলুস আর নেই। 

সম্প্রতি সরেজমিন নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন শালবাড়ীর পালপাড়ায় দেখা যায়, বাড়িতে বাড়িতেকাঠের তৈরি বিশেষ চাকা বা চাক। চাকে পা চালিয়ে মৃৎশিল্পীরা মাটি দিয়ে তৈরি করছেন পুতুল, ফুলের টব, হাঁড়ি পাতিলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। 

পাড়ার মৃৎশিল্পী নিপেন চন্দ্র পাল বলেন, ছোটবেলা থেকে বাপ-দাদাকে এ কাজ করতে দেখেছি। এ ব্যবসার মাধ্যমেই সংসার চলতো। কিন্তু এখন সংসার আর চলে না। কোনো রকম দিন চলে যায়। তিনি বলেন, মাটি, বালু, খড় কিনতে হয়। এসব উপকরণের দাম এখন অনেক বেশি। তাই অধিকাংশ সময় দইয়ের পাতিলই তৈরি করে চলছি। বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে এই পেশায় থেকে সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে। 

একই পাড়ায় ধীরেন চন্দ্র পাল বলেন, ‘চৈত্রের শুরুতে কাজের খুব ব্যস্ততা থাকে আমাদের। বাকি সময় টিলেঢালা। তবে আগে যেমন হাতি, ঘোড়া, পুতুলসহ বাহারি জিনিসপত্র বানাতাম, এখন তা আর বানানো হয় না। খরচ বেশি, বেচাবিক্রিও নেই। তাই এখন আমরা শুধু দইয়ের পাতিলই বেশি তৈরি করি। মাঝে মধ্যে অর্ডার পেলে অন্য জিনিসপত্র তৈরি করি।’

মৃৎশিল্পী স্বপ্না বলেন, আমার বাবার বাড়িতেও এই মাটির কাজ হয়। শ্বশুরবাড়িতে এসেও এই কাজই করছি। আগে বেচাকেনা বেশি হতো, এখন আর হয় না। আগে আমি নিজেই হাঁট-বাজারে মাটির তৈরি  জিনিস বিক্রি করতাম। এখন আর চাহিদা না থাকায় যাওয়া হয় না। এখন বাড়িতেই দইয়ের হাঁড়ি তৈরি করি। এ দিয়েই কোনোরকম দিন চালাচ্ছি। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন বলেন, আমাদের অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে। কুমার সম্প্র্রদায় সেগুলোর একটি। প্লাস্টিকের এই যুগে তাদের উৎপাদন কমে গেছে। কেননা, মাটির পণ্যের প্রতি আধুনিক প্রজন্মের মানুষের আগ্রহ দিন দিন কমছে। তাদেরকে বাঁচিয়ে রাখতে, ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে  সরকারের পক্ষ থেকে তাদের বিশেষ অনুদানের ব্যবস্থা করা প্রয়োজন। সুযোগ থাকলে স্থানীয়ভাবে আমি অবশ্যই তাদের  সহযোগিতা করার চেষ্টা করবো।

নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন
ছবি : কালের কণ্ঠ

নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অসৌজন্যমূলক আচরণ, মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. জিসানুর রহমান নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে জিসানুর রহমান বলেন, গত রবিবার বিকেল ৩টার দিকে মাছের প্রদর্শনী প্রকল্পের বিষয়ে কথা বলতে তিনি নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু রায়হানের সঙ্গে প্রকল্প নিয়ে কথা বলতে গেলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

তিনি দাবি করেন, চারটি ইউনিয়নে মাছের প্রদর্শনী প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে আবু রায়হান তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। পরে একটি প্রকল্প দেওয়া হলেও বাকি তিনটি না পাওয়ায় তিনি সেই তিনটির টাকা ফেরত চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কর্মকর্তা তাকে গালাগাল করেন।

জিসানুর রহমান আরো অভিযোগ করেন, অফিস থেকে বের হওয়ার সময় তাদের কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে—এমন সন্দেহে আবু রায়হান তার ফোন ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ভেঙে ফেলেন। পরে অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাকে মারধর করেন। এ সময় তার গলায় থাকা প্রায় ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন হারিয়ে যায় বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ঘটনার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান।

তিনি বলেন, ‘মাছের প্রদর্শনী প্রকল্পে কারা সুবিধাভোগী হবেন, তা নির্ধারণের জন্য আলাদা যাচাই-বাছাই কমিটি রয়েছে। আমি এককভাবে কাউকে এ প্রকল্প দিতে পারি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নামে মামলা করায় আমাকে বিপদে ফেলতেই তিনি এসব অভিযোগ করছেন।’

নারায়ণগঞ্জে পিস্তলসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে পিস্তলসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তলসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১/২ এনায়েতনগর এলাকার মিজি মেনশন সংলগ্ন একটি ইটের প্রাচীরঘেরা স্থানে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তেঁতুল গাছের শিকড়ের ভেতর লুকিয়ে রাখা একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অস্ত্রসহ নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সচল পিস্তলসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মোংলায় স্কুলে হামলা মামলার বাদী শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মোংলা প্রতিনিধি
মোংলায় স্কুলে হামলা মামলার বাদী শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় করা মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে না পাঠাতে অভিভাবকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতে মব তৈরির অভিযোগও উঠেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

জানা যায়, গত ১৭ জুন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ফারুকুল ইসলাম মৃধা ও জাকির হাওলাদারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বিদ্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ।

তারা অফিস কক্ষে ভাঙচুর চালায়। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। আসবাবপত্রও ভেঙে ফেলে। বাধা দিতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমী খানম (৪৮)-কে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। আতঙ্কে শিক্ষার্থীরা বই-খাতা ফেলে বিদ্যালয় ছেড়ে চলে যায়।

এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমী খানম মোংলা থানায় একটি মামলা করেন। মামলায় স্থানীয় ফারুক মৃধাসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

নাজমী খানম অভিযোগ করেন, মামলা করার পর থেকেই আসামি ও তাদের সহযোগীরা তাকে এবং তার স্বামীকে হুমকি দিচ্ছে। মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। মামলা না তুললে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন অভিভাবকের মোবাইল ফোনে কল করে সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশও তৈরি করা হয়েছে। এতে অনেক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।

তিনি আরো অভিযোগ করেন, তার স্বামী মো. তরিকুল মৃধার মালিকানাধীন একটি চিংড়িঘেরে হামলা চালানো হয়েছে। সেখান থেকে মাছ লুট করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ফারুক মৃধা। তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন, সে জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন। হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা ভাঙচুরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মামলার আসামিরা পলাতক। তাই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাদীপক্ষ নতুন করে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।