• ই-পেপার

পটিয়ার ৩ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ৪ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১০ জেলেকে জীবিত উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১০ জেলেকে জীবিত উদ্ধার

সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গত ২৫ জুন টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি সাগরে ভাসতে থাকে।

এ অবস্থায় দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে বিকল বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

উদ্ধার শেষে ফিশিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত ও জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সোমবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানসুরুল হক মনার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর এবং নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি ‘তরী’র আহ্বায়ক মো. শামীম আহমেদসহ অন্যরা।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে নিরাপদ ট্রেনযাত্রা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা উল্লেখ করেন, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গুরুতর আহত হন। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার একটি চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে পারেননি।

মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ছাতকে কারখানার নর্দমা পরিষ্কারের সময় শ্রমিকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে কারখানার নর্দমা পরিষ্কারের সময় শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ প্লাস্টিক কারখানায় নর্দমা পরিষ্কারের কাজের সময় মারা যাওয়া শ্রমিক সিরাজ মিয়া।

সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ প্লাস্টিক কারখানায় নর্দমা পরিষ্কারের কাজ করতে গিয়ে সিরাজ মিয়া (৪৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া উপজেলার গদার মহল গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে।

কারখানা সূত্রে জানা যায়, ঘটনার সময় সিরাজ মিয়া একাই নর্দমা ও ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে নর্দমায় পড়ে যান। পড়ে যাওয়ার সময় তার মাথা নর্দমার ভেতরে তলিয়ে যায় এবং দুই পা উপরের দিকে ছিল। কিছুক্ষণ পর সহকর্মীরা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেও তাকে ট্যাংকের পাশে কাজ করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়ে যান।

পরে কারখানার চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ নিহতের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা প্রদান করে। এছাড়া পরিবারকে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সিরাজ মিয়া কারখানায় ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। নর্দমা বা ট্যাংক পরিষ্কার করা তার নিয়মিত দায়িত্বের মধ্যে ছিল না। তবুও তাকে ওই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয় এবং কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘরের পেছনে মিলল স্বামীর মরদেহ, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
ঘরের পেছনে মিলল স্বামীর মরদেহ, স্ত্রী আটক
সংগৃহীত ছবি

বরিশালের মুলাদী উপজেলায় হারুন হাওলাদার নামে নিখোঁজ এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে নিজের ঘরের পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনদিন ধরে হারুন হাওলাদার নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে হারুনের ছেলে মোস্তফা হাওলাদার অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সূত্রমতে, সোমবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের মাটি আলগা দেখতে পায়। সেটি বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ওই স্থান খুঁড়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে হারুনের স্ত্রী সেলিনা বেগমের আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানিয়েছেন, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে গভীরভাবে তদন্ত চলমান। পাশাপাশি আটককৃত সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।