খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার একমাত্র ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপকেন্দ্র থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে উপকেন্দ্রের একটি বৈদ্যুতিক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইবনে গিয়াস বলেন, লক্ষীছড়ির ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুনে একটি ইনসুলেটর এবং পাওয়ার এয়ার সার্কিট রিক্লোজার (এএসিআর) ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
১ নম্বর লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বলেন, উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।




