• ই-পেপার

ভোলা

বিদ্যালয় রয়েছে, তবু শিক্ষাবঞ্চিত চরের শিশুরা

  • শিক্ষকদের দায়িত্বে অবহেলা
  • প্রশাসনের তদারকির অভাব
  • শিক্ষক ও ভবন সংকট

সাপাহার সীমান্তে আবারও ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার সীমান্তে আবারও ৯ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
সংগৃহীত ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ২৪৪ পিলার এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। টহলরত আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শূন্য লাইনের মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ’র-পুশ ইনের শিকার ব্যক্তিরা শূন্যরেখায় অবস্থান করছে এবং বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখী অবস্থানে রয়েছেন।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে সংশ্লিষ্টরা শূন্য লাইনের ভেতরে অবস্থান করছেন এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের পুশইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।’

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিবুর হক তামিম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে। 

পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। 

ফকিরহাট মডেল থানা পুলিশের এসআই মানিক রাজবংশী বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। 

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার বুধবার ভোররাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

খাগড়াছড়িতে ইউপিডিএফকর্মীকে গুলি করে হত্যা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে ইউপিডিএফকর্মীকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়াতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের দূর্গম মুড়োপাড়া চৌমুহনী রাস্তার মোড় এলাকায়। 

মৃত সুজন চাকমা (৪৮) উপজেলার তারাবুনিয়া গ্রামের বিনন্দ চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) দীঘিনালা সংগঠক সজীব চাকমা এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) প্রতিপক্ষকে দায়ী করেছেন। তিনি জানান, ঘটনার সময় একটি দোকানে বসে তাদের কর্মী সুজন চাকমা সাংগঠনিক আলোচনা করছিলেন। এ সময় ৫ থেকে ৭ জনের সশস্ত্র একটি গ্রুপ এসে গুলি করে তাকে হত্যা করে। 

তবে এ ব্যাপারে জেএসএস-এর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

লক্ষ্মীপুরে কলেজছাত্রী ২ মাস থেকে নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কলেজছাত্রী ২ মাস থেকে নিখোঁজ
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে কাজ করছে পুলিশ। মেয়ে সন্ধান পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম। বুধবার (২৪ জুন) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে গত ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেন। তখন নিশি তার মাকে জানিয়েছেন, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় তিনি কোন জায়গায় আছেন তা বলতে পারেননি।

নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। গত ২২ এপ্রিল সকালে তিনি কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। 

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বলেন, ‘কলেজে যাওয়ার উদ্দেশে নিশি ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেন চালক। পরে সে অন্য একটি অটোরিকশায় ওঠে। সেই অটোরিকশা থেকেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আমি আমার মেয়েকে আমি ফেরত চাই।’

নিশির চাচা আবুল বাশার বলেন, ‘নিশি ইমোতে কল দিয়ে জানিয়েছে, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক মহিলা তাকে খাবার দিতে আসে। ওই মহিলার মোবাইল থেকে ইমোতে কল দিয়ে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাইনি। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করে দিতে অনুরোধ জানাচ্ছি।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বলেন, ‘২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হন। ২৫ এপ্রিল তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে প্রায়ই কথা বলেন। তবে ইমোতে কথা বলায় তিনি কোথায় আছেন, তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি অপহরণ হননি।’