রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে নিজবাড়িতে আয়েশা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার পর নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্থানীয় বাসিন্দা মো. মফিজুল হকের স্ত্রী।
নিহতের স্বামী বলেন, ‘আমি ও আমার বড় ছেলে সকালে গাছ চিড়াতে বেরিয়ে যাই। সারা দিন আর বাসায় আসিনি। সন্ধ্যায় বাসায় এসে কাঠ রেখে গোসল সেরে বাড়িতে ফিরে ঘর অন্ধকার দেখতে পাই। পরে ঘরের বাতি জ্বালিয়ে আমার স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখি। প্রথমে তিনি ঘুমিয়ে আছেন মনে করেছিলাম, কিন্তু কাছে গিয়ে দেখতে পাই, তার মাথা রক্তাক্ত এবং তিনি মারা গেছেন। এছাড়া আলমিরা ভাঙা অবস্থায় ছিল।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি গরু বিক্রির প্রায় ৩ লাখ টাকা আলমারিতে রাখা হয়েছিল, যা আর পাইনি। সোহাগ ও ওমর নামের দুজন ব্যক্তির আমাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। আমরা সন্দেহ করছি ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে।’
নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, আমরা সকালে যে যার মতো কাজে যাই। সন্ধ্যার পর খবর পেয়ে আমরা ফুফুর বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মরদেহের পাশে একটি রক্তমাখা ভাঙা ইট ও একটি হাতুড়ি ছিল।
জানা গেছে, সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।
সুবলং পুলিশ ফাঁড়ির সহকারী সাব ইন্সপেক্টর মো. বাদল দেওয়ান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’





