ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নিহতের বান্ধবীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ এবং ঘটনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- রাজু আহম্মেদ ওরফে লাল চাঁন (৩২), সজীব মৃধা (২৮) ও জিহাদ মিয়া (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১৬ জুন) রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর পবন ও তার বান্ধবী লামিয়া আক্তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লামিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পবনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষনে শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নিয়মিত চুনকুটিয়া বেবি স্ট্যান্ড এলাকায় আড্ডা দিয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের পরিকল্পনা করত। দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধা থাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ছিনতাইয়ের জন্য বেছে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।’





