অর্থের বিনিময়ে সামাজিক বিচারে অবিচার করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি কোনো অবিচার বা জুলুম পছন্দ করে না। বিএনপি জনগণের দল, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দল। এখানে সবাই সুবিচার পাওয়ার অধিকার নিয়ে আসে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেরাণীগঞ্জ উপজেলা হলরুমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। নারী ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের সহজ শর্তে ১০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই এ ধরনের সুবিধা পাবেন। এ ছাড়াও দেশের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানিভাতা দেওয়া হচ্ছে।
আমান বলেন, তারেক রহমানের হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি তার পিতা-মাতার আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই সংসদ সদস্য বলেন, কেরাণীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত, চাঁদাবাজমুক্ত ও অবিচারমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাই ভাই ভাই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির প্রমুখ।





