• ই-পেপার

আয়াতের পছন্দের দল ছিল আর্জেন্টিনা

দিনাজপুরে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও পরবর্তীতে বিভিন্ন ওষুধ সেবন করিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের হওয়া এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ এপ্রিল দুপুরে পার্বতীপুর শহরের পাওয়ার হাউজ কলোনি এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নাজমুল হাসান বিপুল (৫৫), মিথিলা জামান (৩২) ও প্রিন্স হক ছটুকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তাকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করানো হয়, যার প্রভাবে তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় ছিলেন। এ কারণে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানাতে পারেননি। সম্প্রতি শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হলে তিনি স্বামীকে পুরো ঘটনা জানান।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার

কোটি টাকা আত্মসাতের অভিযোগ বোনের বিরুদ্ধে

জামালগঞ্জ ( সুনামগঞ্জ) প্রতিনিধি
নিজের কেনা বাড়িতেই ঠাঁই মিলল না মেক্সিকো প্রবাসী সাজেদার
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনির একটি বাড়িকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কোটি টাকার সম্পদ নিয়ে বিরোধ। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন মেক্সিকোতে বসবাসকারী এক প্রবাসী নারী তার বড় বোন ও ভগ্নিপতির ওপর আস্থা রেখে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন। সেই অর্থে জমি ক্রয়, বাড়ি নির্মাণ ও বিভিন্ন সম্পদ গড়ে উঠলেও দেশে ফিরে এখন নিজের নামে থাকা বাড়িতেই উঠতে পারছেন না সাজেদা।

‎ভুক্তভোগী সাজেদা আক্তারের বাড়ি উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। দীর্ঘ বছর ধরে তিনি মেক্সিকোতে বসবাস করেছেন। তার স্বামী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিঃসন্তান হওয়ায় আপন বড় বোন রংমালা ও ভগ্নিপতি তৈয়বুর রহমানকেই সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তিনি।

‎সাজেদা আক্তারের দাবি, বিদেশে অবস্থানকালে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে এবং পরিচিতজনদের হাত ধরে তিনি বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠান। সেই অর্থে নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনিতে ৬ শতাংশ জমি ক্রয় এবং একটি বসতবাড়ি নির্মাণ করা হয়। জমির দলিল, নামজারি ও বিদ্যুৎ সংযোগসহ বাড়ির গুরুত্বপূর্ণ সব কাগজপত্র সাজেদা আক্তারের নামেই রয়েছে। কিন্তু বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন তার বড় বোন রংমালা, ভগ্নিপতি তৈয়বুর রহমান এবং তাদের সন্তানরা। প্রায় দুই বছর আগে দেশে ফিরে নিজের পাঠানো অর্থ ও বাড়িতে বসবাসের অধিকার চাইলে তাকে সেখানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

‎নিরুপায় হয়ে তিনি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করেন। কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগেও উভয় পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু রংমালা ও তার স্বামী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। ফলে এখনো কোনো সমঝোতা সম্ভব হয়নি। বিভিন্ন মহলে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে সাজেদা আক্তার শেষ পর্যন্ত আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালগঞ্জ, সুনামগঞ্জে একটি মামলা দায়ের করেন।

‎মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিদেশে অবস্থানকালে বিভিন্ন সময়ে নগদ অর্থ, ব্যাংকের মাধ্যমে পাঠানো টাকা, স্বর্ণালঙ্কার, জমি ক্রয়ের অর্থ, বাড়ি নির্মাণ ব্যয় এবং অন্যান্য সম্পদ তার বড় বোন রংমালার পরিবারের সদস্যদের জিম্মায় রেখেছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি সব মিলিয়ে প্রায় ১ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার অর্থ ও সম্পদের হিসাব পাচ্ছেন না। এই অর্থ ও সম্পদ ফেরত পেতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে সিআইডিতে তদন্ততাধীন রয়েছে।

‎এ ব্যাপারে সিআইডি ইন্সপেক্টর রমা প্রসাদ বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। শিগগিরই তদন্ত  রিপোর্ট জমা দেওয়া হবে।

‎এদিকে অভিযুক্ত রংমালার সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে যে বাড়িতে তারা বসবাস করছেন তার দলিল, নামজারি ও বিদ্যুৎ সংযোগ সাজেদা আক্তারের নামেই রয়েছে।

‎রংমালার দাবি, ছোট বোন সাজেদার জন্য বাড়িটি কেনার সময় তিনি ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা দিয়েছেন। তিনি আরো বলেন, সাজেদার পাঠানো অর্থসংক্রান্ত সব দাবিদাওয়া এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হলে আমি বাড়িটি ছেড়ে দিতে রাজি আছি।

সুনামগঞ্জে চুরি মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে চুরি মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত এক আসামি ও সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ১৭ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের চুরি মামলার এজাহারভুক্ত আসামি মুক্তিরগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে মো. ইমাম উদ্দিন (২৫), গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিআর-৯৫/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাজনা মহল গ্রামের ইসমাইল আলীর মেয়ে  মোছা. সুফিয়া বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মায়ের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মায়ের

গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বজ্রাঘাতে সোহানা আক্তার শারমিন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা আক্তার শারমিন বেতুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী রায়হান হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহতের মেয়ে পড়াশোনা করেন। মেয়েকে আনতে স্কুলে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।