• ই-পেপার

মুকসুদপুরে কুকুরের কামড়ে আহত ২৩

সাভারে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রিন্সিপাল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৭ জুন) দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।‌

এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর-৭৩) দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, গ্রেপ্তার ২
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে একটি ট্রাক, ভারতীয় ২ হাজার ৮৫ বোতল এস্কাফ সিরাপ ও ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার মোজাফফরগঞ্জ পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে নাঈম ইসলাম (১৮)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্তের পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ বন্দরসংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় একটি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকচালক রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্তের পিলার ১৭৭/৩-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি

পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি কীভাবে জনগণের অর্থ বিগত এক যুগ ধরে, ১৭ বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে এই কার্যক্রম পরিচালনায় অর্থের কোনো অভাব হবে না।

চলতি বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যে বাজেটে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই বাজেটকে যাঁরা জনবিরোধী বলছেন, তাঁরা কখনো জনগণের বন্ধু হতে পারেন না।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সংসদ সদস্য, সংসদে চলে যান’—বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী

ইয়াহইয়া ফজল, সিলেট
‘সংসদ সদস্য, সংসদে চলে যান’—বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সিলেটে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত সিলেট বিভাগ থেকে হওয়া মন্ত্রী, সংসদ সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন চলাকালে সেখানে উপস্থিত থাকা এমপিদের সঙ্গে করমর্দনের সময় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘সংসদ সদস্য, সংসদে চলে যান।’

বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানববন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রমুখ।
 
বিমানবন্দরে একে একে সবার সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। করমর্দনের সময় তিনি উপস্থিত সংসদ সদস্যদের বলেন, ‘সংসদ সদস্য, সংসদে চলে যান।’
 
প্রধানমন্ত্রীর এমন পরামর্শের পর মৌলভীবাজার না গিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় ফিরে যান একাধিক সংসদ সদস্য। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ঢাকায় ফিরে গেছেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এসব বিষয়ে জানতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত সংসদ সদস্যদের দেখে বলেন, সংসদ সদস্য, সংসদে চলে যান।’ এরপর কেউ কি ঢাকায় ফিরেছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ কয়সর আহমদ ঢাকায় ফিরে গেছেন বলে আমি জেনেছি।’

এদিকে বিমানবন্দর থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টায় সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারেক রহমান। বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি, সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার পৌঁছান।

বিএনপির সূত্রে জানা গেছে, ‘সিলেটে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। মৌলভীবাজারের কর্মসূচিতে যোগ দিতে তিনি ঢাকা থেকে সিলেটে আসা ও ঢাকা ফেরার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন।