মাদারীপুরে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৪০ জন অসুস্থ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে রেস্তোরাঁ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় শহরের পুরানবাজার এলাকার আরএফসি রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদার।
ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার আরএফসি রেস্টুরেন্টের খাবার খেয়ে বেশ কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েন। পরে রাত থেকে মাদারীপুর পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে একে একে রোগীরা হাসপাতালে ভর্তি হতে থাকেন। রবিবার দুপুর পর্যন্ত অন্তত ৪০ জন ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থদের অভিযোগ, রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েছেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মঈন শিকদার বলেন, ‘তদন্তে রেস্তোরাঁটির খাবার সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। নিম্নমানের তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মালিক মো. রেজাউলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে।’
অভিযানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





