• ই-পেপার

বদলগাছীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনায় গ্রহক নিজেই বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতের বিচারক মোমিনুল হকের আদালতে হাজির হয়ে তিনি মামলাটি করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন রাজধানীর মিরপুর-১-এর ১৮৪ আহমেদনগর, পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেলসহ মোট ছয়জন।

আদালত সূত্র জানায়, গত ১ থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের অ্যাকাউন্ট থেকে সর্বমোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যান। এতে ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার ফোনকল ও মেসেজের মাধ্যমে গ্রাহককে অবগত করা হয়নি। গত ৭ জুন দুপুরে তিনি ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নম্বর থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। 

পরে অনুসন্ধান করে দেখা যায়, এনআরবিসি ব্যাংকের গ্রাহক রাজধানীর মিরপুর-১-এর শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারীর অ্যাকাউন্ট, পুবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের অ্যাকাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নাম্বারে ট্রান্সফার করা হয়। 

এ ঘটনায় হাসান মজুমদার বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের বিষয়ে ইসলামী ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।  

ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলতে গেলে অবশ্যই তার ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরণে কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই। আদালত আমাদের কাছে চাইলে সহযোগিতা করবো।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, হাসান মজুমদারের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে আমরা মামলা করেছি। বিচারক মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশকে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ নিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত
ছবি : এআই দিয়ে প্রস্তুত করা

টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুর উপজেলার থলপাড়া গ্রামের জুয়েল তালুকদারের গাড়াইল এলাকার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়র সূত্র জানা যায়, সকালে ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে যান রায়হান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, রায়হান ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই ছাদে টাঙানো পতাকা নামানো ও উত্তোলনের কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবারও ছাদে গিয়ে পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।

পরিবারের সদস্যরা জানান, রায়হান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন সকালে তিনি হঠাৎ করে ছাদে যান এবং কিছুক্ষণ পর নিচে পড়ে যান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে পুকুরে সেচ পাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুর দেড়টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পোঁওতা টিকরী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান সান্তাহার ইউপির উথরাইল গ্রামের এমরান হোসেনের ছেলে।

স্থানিয় সূত্রে জানা গেছে, পোঁওতা টিকরী গ্রামে মা জেসমিনের সঙ্গে নানির বাড়িতে থাকত জিসান। রবিবার দুপুরে ওই গ্রামের জনৈক সাখাওয়াত হোসেনের পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে আদমদীঘি থানার এসআই এ বি এম আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। তিনি জানান, নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মো. নাসির মিয়া (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মধুমতী সেতুর টোল প্লাজা এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসির মিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মৃত সারোয়ার মিয়ার ছেলে। তিনি ভাইয়ের ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে কাশিয়ানীতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে মধুমতী সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কের পাশে নাসির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো জানান, পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নাসির মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের খিঁচুনির সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।