বগুড়ার শেরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ইটালী এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলকারীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানও শোনা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল যুবক হঠাৎ ইটালী বাজার এলাকায় এসে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল শুরু করেন। কয়েক মিনিট মিছিল করার পর তারা আবার অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘বিক্ষোভ মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’




