বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পৌঁছে দিতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক্টরের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ শাকিল নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশীনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাকিল (২২) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের জন্য লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন শাকিল। পথে আরশীনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শাকিল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দূর থেকে দেখি মহাসড়কে একটি ট্রাক্টর উল্টে রয়েছে। কাছে গিয়ে দেখি চালক ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





