• ই-পেপার

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছ দিয়ে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ৫ শিশু, ৮ নারী ও দুজন পুরুষকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি আরো জানায়, বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার কারণে শনিবার ভোররাতে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভবানীপুর এলাকা দিয়ে তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, রাত ১টার দিকে বিজিবির কাছ থেকে খবর পেয়ে এলাকায় মাইকিং করে লোক জড়ো করে বিজিবিকে পুশ ইন ঠেকাতে সাহায্য করা হয়েছে। গ্রাম পুলিশসহ এলাকাবাসী সারা রাত ক্লান্তিহীন পাহারার পর এখনো সতর্ক রয়েছেন। সম্মিলিত চেষ্টায় পুশ ইনের চেষ্টা করা ১৫ জনকে হটিয়ে দেওয়া হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে। 

তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ, অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলেও জানান এই অধিনায়ক।

প্রসঙ্গত, এর আগে গত ৪ জানুয়ারি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির কঠোর প্রতিরোধের মুখে টানা দুই দিন সীমান্তে অবস্থানের পর তাদের সীমান্ত থেকে ভারতের ভেতরে সরিয়ে নেয় বিজিবি। এর আগে গত ৬ এপ্রিল রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশ ইন করে বিএসএফ। গোমস্তাপুর সীমান্ত থেকে মালদহ কাছে হওয়ায় এই সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইনের চেষ্টা করে বলে জানিয়েছেন লে. কর্নেল মাসুম।

 

ভক্তদের দাবি

হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
সংগৃহীত ছবি

বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় একে অপরের ওপর নানা অভিযোগ করার পাশাপাশি এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যাক্ত করেন।

শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় বরিশাল নগরীর বেলস পার্কে আর্জেন্টিনা ও বিকেল ৪টায় ব্রাজিলের সমর্থকদের পৃথক ২টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারেরও বিশ্বকাপ দখলে থাকবে তাদের। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তারা আবারও সেভেন আপ নিয়ে যাবে।

তবে ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেওয়া ছাড়া কোৎনো বিশ্বকাপ জয় করতে পারেনি। ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোনো খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবেন না আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার হার নিশ্চিত বলে দাবি তাদের।

এদিকে পৃথক ২টি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে। এ ছাড়া দুই দলের বড় বড় পতাকাও নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা ২টি বের হয়।
 
শোভাযাত্রা ২টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বেলস পার্কে এসে শেষ হয়।

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ

অনলাইন ডেস্ক
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধান। সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৩ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ নয়, জিসান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টা ২৯ মিনিটে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধান দাউদকান্দি হতে নিখোঁজ হিসেবে শুক্রবার দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মো. রাসেল আহম্মেদ জিডি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দাউদকান্দি বাজার এলাকা হতে জিসান নিখোঁজ হয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। জিডির প্রেক্ষিতে উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ জিসানের চাচাতো ভাই সজীবের মাধ্যমে জানা যায়, গত ৫/৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর (২৫) সঙ্গে জিসানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

অনুসন্ধান আরো জানা যায়, গত ২০ মে দাউদকান্দি থানাধীন জিসানের ভাড়া বাসায় ওই নারীকে জিসান ধর্ষণ করেন। এ ছাড়া বিভিন্ন সময় জিসান বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে জিসান ভুক্তভোগীকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে বাচ্চা নষ্ট না করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি প্রদান করেন জিসান। পরে ওই নারী প্রাণের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। এসময় জিসান তার বন্ধু সেকান্দার আলীর ওষুধের দোকান থেকে বাচ্চা নষ্ট করার ট্যাবলেট কিনে ভুক্তভোগীকে খাওয়ালে ভ্রূণ নষ্ট হয়। এসময় ওই নারীর সুস্থতার জন্য জিসান তার চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে ভুক্তভোগীর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরে ভুক্তভোগী নারী জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে জিসান ১২ জুন বিয়ে করতে রাজি হন। এর আগে ১১ জুন রাত ৮টার পর পর বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মো. রাসেল আহম্মেদের মাধ্যমে দাউদকান্দি থানায় উল্লিখিত জিডি করান। পরবর্তীতে নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন সময়ে কুমিল্লার লাকসাম থানা এলাকা স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপন থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়।

পরে ভুক্তভোগী নারী থানায় হাজির হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগের প্রেক্ষিতে দাউদকান্দি থানায় মামলা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত মুজিবুর রহমান দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এদিকে ভারতের এক গণমাধ্যমকর্মী গত রাতে এ প্রতিবেদককে জানান, নিহত মুজিবুর রহমানের মরদেহ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে পাঠানো হতে পারে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, দত্তগ্রাম সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির আওতাভুক্ত। গতকাল সন্ধ্যায় মুজিবুর রহমানসহ স্থানীয় ৬-৭ জন যুবক দত্তগ্রাম সীমান্তের লখাইরচর এলাকায় যান। এ সময় ভারতের লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রের দাবি। এতে মুজিবুর রহমান নিহত হন। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে ফিরে আসতে সক্ষম হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নুল ইসলাম বলেন, নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। তাঁর ভাষ্য, চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত হয়ে থাকতে পারেন। বর্তমানে ঘটনাস্থলে বিজিবির সঙ্গে নিহতের ভাই আজিজুর রহমান রয়েছেন। তিনি ফোনে জানিয়েছেন, তাঁর ভাইয়ের মরদেহ বিএসএফ ভারতের একটি হাসপাতালে নিয়ে গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গুলিবিদ্ধ হয়ে মুজিবুর রহমান মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুলাউড়ার দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডার আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।