জামালপুরের দেওয়ানগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ব্রাজিল ধারাবাহিক আক্রমণের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে পাঁচ গোলের দাপুটে জয় নিশ্চিত করে।
ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। এছাড়া তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।




