• ই-পেপার

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মুমিনের করণীয়

মানুষের ভাগ্য কি পরিবর্তনশীল, ইসলাম কী বলে ?

মুফতি ওমর বিন নাছির
মানুষের ভাগ্য কি পরিবর্তনশীল, ইসলাম কী বলে ?
সংগৃহীত ছবি

মানুষের জীবনে সবচেয়ে বেশি আলোচিত ও জিজ্ঞাসিত বিষয়গুলোর একটি হলো—‘ভাগ্য কি পরিবর্তনশীল?’ অনেকেই মনে করেন, যেহেতু আল্লাহ সবকিছু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন, তাই মানুষের চেষ্টা, দোয়া কিংবা সৎকর্মের কোনো প্রভাব নেই। আবার কেউ কেউ মনে করেন, মানুষ নিজের ভাগ্য নিজেই সম্পূর্ণভাবে গড়ে তোলে। ইসলাম এ দুই চরমপন্থার কোনোটিকেই সমর্থন করে না।

ইসলামের দৃষ্টিতে তাকদির তথা ভাগ্য হলো-আল্লাহ তাআলার সর্বজ্ঞতা, প্রজ্ঞা ও ন্যায়বিচারের অংশ। তিনি সবকিছু জানেন, সবকিছু লিখে রেখেছেন; তবে একই সঙ্গে মানুষকে ইচ্ছাশক্তি, কর্মক্ষমতা এবং দোয়ার সুযোগও দিয়েছেন। তাই একজন মুমিন বিশ্বাস করে—আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, আবার আল্লাহর নির্দেশিত উপায় অবলম্বন করলে তিনি বান্দার অবস্থা ও নির্ধারিত অনেক বিষয় পরিবর্তনও করেন।

তাকদির বা ভাগ্য কী?
তাকদির অর্থ হলো—মহান আল্লাহ তাঁর অসীম জ্ঞান অনুযায়ী সৃষ্টিজগতের সবকিছুর পরিমাণ, সময়, অবস্থা ও পরিণতি পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ আসমান-জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৫৩)

ভাগ্য কি পরিবর্তন হয়?
এর উত্তর হলো—হ্যাঁ, আল্লাহ যেসব বিষয় পরিবর্তনের সঙ্গে শর্তযুক্ত রেখেছেন, সেগুলো দোয়া, সৎকর্ম, তওবা ও আমলের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। তবে আল্লাহর চূড়ান্ত ও সর্বজ্ঞ সিদ্ধান্ত কখনো ভুল হয় না।

১. চেষ্টার মাধ্যমে আল্লাহ মানুষের অবস্থা পরিবর্তন করেন
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ (সুরা : রাদ, আয়াত : ১১)
এই আয়াত প্রমাণ করে, মানুষের ঈমান, আমল, চরিত্র ও কর্মের পরিবর্তনের সঙ্গে আল্লাহ তাদের অবস্থাও পরিবর্তন করেন।

২. দোয়া ভাগ্যের পরিবর্তনের অন্যতম মাধ্যম
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া কোনো কিছুই তাকদীরকে প্রতিহত করতে পারে না।’ (তিরমিজি, হাদিস : ২১৩৯)
অর্থাৎ, আল্লাহ এমনভাবেই তাকদির নির্ধারণ করেছেন যে বান্দা দোয়া করলে বিপদ দূর হবে, আর দোয়া না করলে তা নেমে আসবে।

৩. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক ও আয়ু বৃদ্ধি পায়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু বরকতময় হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)

তাকদিরের দুই স্তর
আলেমগণ তাকদিরকে সাধারণভাবে দুই ভাগে ব্যাখ্যা করেছেন—
১. চূড়ান্ত তাকদির (যা আল্লাহর চিরন্তন জ্ঞানে সংরক্ষিত)। এটি লাওহে মাহফুজে লিখিত, যা কখনো পরিবর্তিত হয় না।

২. শর্তযুক্ত তাকদীর
এটি ফেরেশতাদের নিকট লিখিত বিষয়, যা আল্লাহর নির্দেশে দোয়া, তওবা, সদকা, নেক আমল ইত্যাদির কারণে পরিবর্তিত হতে পারে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আল্লাহ যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা বহাল রাখেন; আর তাঁর কাছেই রয়েছে মূল কিতাব (লাওহে মাহফুজ)।’ (সুরা : রাদ, আয়াত : ৩৯)

অতএব, মানুষের ভাগ্য নিয়ে ইসলামের শিক্ষা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আল্লাহ তাআলা সবকিছু পূর্ব থেকেই জানেন এবং তাঁর জ্ঞানে কোনো পরিবর্তন হয় না। তবে তিনি তাঁর বান্দাদের জন্য এমন অনেক বিষয় শর্তসাপেক্ষে নির্ধারণ করেছেন, যা দোয়া, তওবা, সৎকর্ম, তাকওয়া ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তিত হতে পারে। তাই ‘ভাগ্যে যা আছে তাই হবে’—এই অজুহাতে অলস বসে থাকা ইসলামের শিক্ষা নয়। বরং একজন মুমিন সর্বোচ্চ চেষ্টা করবে, আল্লাহর কাছে কান্নাভেজা দোয়া করবে, নেক আমলে নিজেকে সমৃদ্ধ করবে এবং সবশেষে ফলাফল আল্লাহর হাতে সোপর্দ করবে।

আসুন, আমরা তাকদিরের ওপর দৃঢ় ঈমান রাখি, দোয়া ও সৎকর্মকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাই এবং বিশ্বাস করি—যিনি তাকদিরের মালিক, তিনিই চাইলে আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোয়, সংকট থেকে স্বস্তিতে এবং হতাশা থেকে সফলতায় পরিবর্তন করে দিতে পারেন।

অন্তরের পবিত্রতা রক্ষায় মহামূল্যবান দুইটি দোয়া

ইসলামী জীবন ডেস্ক
অন্তরের পবিত্রতা রক্ষায় মহামূল্যবান দুইটি দোয়া
সংগৃহীত ছবি

মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান ও পরিশুদ্ধ অন্তর। বাহ্যিক সৌন্দর্য, ধন-সম্পদ কিংবা সামাজিক মর্যাদা মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে না; বরং সম্মান ও সফলতার মূল ভিত্তি হলো আত্মশুদ্ধি (তাজকিয়াতুন নফস) ও তাকওয়া। আত্মশুদ্ধি এমন একটি অবিরাম সাধনা, যার মাধ্যমে মানুষ নিজের অন্তরকে হিংসা, অহংকার, রিয়া, লোভ ও পাপাচার থেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে।

এ কারণেই বিশ্বনবী মুহাম্মদ (সা.) শুধু উম্মতকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েই ক্ষান্ত হননি; বরং তিনি নিজেও আল্লাহর কাছে বারবার আত্মার পবিত্রতা, তাকওয়া এবং ঈমানে অবিচল থাকার জন্য দোয়া করতেন। তেমনি দুটি দোয়া হলো-

১. অন্তরের পবিত্রতার দোয়া 

 اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

উচ্চারণ : আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া জাক্কিহা আনতা খাইরু মান জাক্কাহা, আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা।
অর্থ : হে আল্লাহ! আমার আত্মাকে তাকওয়া দান করুন এবং তাকে পরিশুদ্ধ করুন। আপনিই সর্বোত্তম পরিশুদ্ধকারী। আপনিই তার অভিভাবক ও মালিক। (সহিহ মুসলিম, হাদিস : ২৭২২)

২. ঈমানে অবিচল থাকার দোয়া
আত্মশুদ্ধির পাশাপাশি অন্তরকে দ্বীনের ওপর অটল রাখার জন্যও মহানবী (সা.) অত্যন্ত হৃদয়স্পর্শী একটি দোয়া করতেন—

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণ : ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত ক্বালবী আলা দ্বীনিক।
অর্থ : ‘হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর সুদৃঢ় রাখুন।’(জামে তিরমিজি, হাদিস : ২১৪০)

মানুষের অন্তর মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়। তাই আল্লাহর মহানবী (সা.) আমাদের শিখিয়েছেন, অন্তর যেন কখনো সত্যপথ থেকে বিচ্যুত না হয়—সেজন্য সর্বদা আল্লাহর কাছেই আশ্রয় ও সাহায্য প্রার্থনা করতে হবে।  আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিশুদ্ধ অন্তর, অটল ঈমান এবং তাকওয়াপূর্ণ জীবন দান করুন। আমিন।

হাদিসের বাণী

আল্লাহর প্রিয় বান্দাদের অবজ্ঞা করা নিন্দনীয়

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহর প্রিয় বান্দাদের অবজ্ঞা করা নিন্দনীয়
সংগৃহীত ছবি

সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা একসঙ্গে ছয় জন মহানবী (সা.)-এর দরবারে বসা ছিলাম। তখন মুশরিকরা মহানবী (সা.)-কে বলল, তাদেরকে আপনি আপনার মজলিস থেকে বের করুন, যাতে তারা আমাদের ব্যাপারে কোনো দুঃসাহস না দেখাতে পারে। সাদ (রা.) বলেন, সেখানে আমি, ইবনে মাসউদ, হুজাইল গোত্রের এক ব্যক্তি, বিলাল এবং আরও দুজন লোক ছিলাম, যাদের নাম নিচ্ছি না। তাই মহানবী (সা.)-এর অন্তরে যা ইচ্ছা উদ্রেক হলো যে, তিনি মনে-মনে (আমাদের সরানোর কথা) ভাবছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ‘যারা তাদের রবকে সকাল-সন্ধ্যায় তাঁর সন্তুষ্টি লাভের জন্য ডাকে, আপনি তাদের তাড়িয়ে দেবেন না।’ (সুরা : আনআম, আয়াত : ৫২, সহিহ বুখারি, হাদিস নং : ৬২৪১)

হাদিসের শিক্ষাসমূহ

১. মানুষের মর্যাদার ভিত্তি হলো ঈমান ও তাকওয়া, ধন-সম্পদ, বংশ বা সামাজিক মর্যাদা নয়।
২. দরিদ্র ও দুর্বল মুমিনদের অবহেলা করা বা তুচ্ছ মনে করা ইসলামের শিক্ষা নয়।
৩. যারা সকাল-সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে এবং তাঁর সন্তুষ্টি কামনা করে, তারা আল্লাহর প্রিয় বান্দা।
৪. দ্বীনের দাওয়াতে ধনীদের সন্তুষ্টির জন্য নীতির সঙ্গে আপস করা যাবে না।
৫. ইসলামে সকল মানুষ সমান। ধনী-গরিব, সাদা-কালো, আরব-অনারব—সবার মর্যাদা তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত হয়।
৬. দাওয়াতের ক্ষেত্রে ন্যায়নীতি ও আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, যদিও এতে প্রভাবশালী ব্যক্তিরা অসন্তুষ্ট হয়।
৭. সাহাবায়ে কিরাম ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিতপ্রাণ। তাঁদের দারিদ্র্য তাঁদের মর্যাদা কমাতে পারেনি।
৮. কোরআনের আয়াত অনেক সময় নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নাজিল হলেও, তার শিক্ষা সর্বকালের সব মুসলিমের জন্য প্রযোজ্য।

অতএব, কোনো মুমিনকে তার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থান বা বাহ্যিক পরিচয়ের কারণে কখনোই ছোট করে দেখা বা অবজ্ঞা করা উচিত নয়। কেননা ইসলামে সম্মান ও শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া।

ভূমিকম্প বৃদ্ধি বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

মুফতি মুহাম্মদ মর্তুজা
ভূমিকম্প বৃদ্ধি বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

পৃথিবীতে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম ভয়াবহ। মুহূর্তের মধ্যেই এটি জনপদ ধ্বংস করে দিতে পারে, হাজারো মানুষের জীবন বিপন্ন করতে পারে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।

ইসলাম ভূমিকম্পকে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে নয়, বরং আল্লাহ তাআলার মহাশক্তির নিদর্শন এবং মানুষের জন্য শিক্ষা ও সতর্কবার্তা হিসেবেও বিবেচনা করে। মানুষ যত উন্নত প্রযুক্তির মালিক হোক না কেন, মহান আল্লাহ তাআলার শাস্তির সামনে তারা অসহায়। যেমন—উন্নত দেশগুলোতেও কখনো ভূমিকম্প দেখা দিলে তাদের উন্নত দালানকোঠাসহ মাটিতে ধসে যেতে দেখা যায়। তখন অসহায় মানুষগুলোর কাছে আল্লাহর দয়া ছাড়া আর কোনো প্রযুক্তিরই কোনো অর্থ থাকে না।

মানুষের এই দুর্বলতা ও অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, ‘তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবেন না, যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে?’ (সুরা : মুলক, আয়াত : ১৬)

এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর স্থিতিশীলতা ও নিরাপত্তা একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। এগুলো আল্লাহর প্রবল শক্তির নিদর্শন। যে নিদর্শন দিয়ে অতীতে বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার কখনো কখনো স্রেফ সতর্ক করা হয়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে মহান আল্লাহ এসব নিদর্শন দিয়ে তাঁর বান্দাদের সতর্ক করেন, যাতে তারা তাদের পাপের পথ থেকে ফিরে আসে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : রুম, আয়াত : ৪১)

এই আয়াত দ্বারা বোঝা যায়, প্রাকৃতিক বিপর্যয় কখনো কখনো সতর্ক করার জন্য পাঠানো হয়, যাতে তারা নিজেদের ভুলত্রুটি উপলব্ধি করে আল্লাহর দিকে ফিরে আসে। তবে কোনো নির্দিষ্ট ভূমিকম্প কিংবা অন্য প্রাকৃতিক দুর্যোগকে নিশ্চিতভাবে আল্লাহর শাস্তি বলার সুযোগ নেই।

কারণ কোনো দুর্যোগ কারো জন্য পরীক্ষা, কারো জন্য সতর্কবার্তা এবং কারো জন্য মর্যাদা বৃদ্ধির কারণও হতে পারে। কাকে কোন উদ্দেশ্যে দিয়েছেন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে ভূমিকম্পের প্রবণতা বেড়ে যাওয়াকে হাদিস শরিফে কিয়ামতের পূর্বাভাস বলে আখ্যা দেওয়া হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম (জ্ঞান) উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ মানে হলো খুনখারাবি। তোমাদের ধনসম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে।’ (বুখারি, হাদিস : ১০৩৬)

তাই মুমিনের উচিত, সর্বাবস্থায় আল্লাহর কাছে তাওবা-ইস্তিগফার করা। বিশেষ করে ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে, দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। নিজেদের গুনাহ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা। কারণ গুনাহ আল্লাহকে ক্রোধান্বিত করে আর তাওবা আল্লাহর রহমত লাভে সহায়তা করে। মানুষ আল্লাহর দয়া ও রহমত ছাড়া অসহায়।