• ই-পেপার

হাছান-নওফেলসহ ২২ জনের অভিযোগ গঠন শুনানি আজ

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিন ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিন ফের গ্রেপ্তার

মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সন্দিগ্ধ আসামি সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সাবিনা আক্তার তুহিনকে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. সোহেল সৌরভ আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করেন। রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার আরেক উপপরিদর্শক মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাদের গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে উভয় আসামির গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। 

সাবিনা আক্তার তুহিনের গ্রেপ্তারের আবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগস্টের ৪ তারিখ মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের নামে মামলা করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হল।

রোকেয়া জামালের গ্রেপ্তার দেখানোর আবেদন অনুযায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ এ গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতনামা ৩০০ জনের নামে মামলা করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়। উভয় আসামিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তারা।

মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন

অনলাইন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। 

২০২৪ সালের ২৬ অগাস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বিস্তারিত আসছে...

সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত

অনলাইন ডেস্ক
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ, হত্যার পরিকল্পনা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রবিবার (২১ জুন) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে তার মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

এ মামলায় ২০২৪ সালের ৫ জুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

আনার হত্যার ঘটনায় তার মেয়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

ঢাকার নতুন মহানগর দায়রা জজ হলেন শাহজাহান কবির

অনলাইন ডেস্ক
ঢাকার নতুন মহানগর দায়রা জজ হলেন শাহজাহান কবির

ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। এ বিষয়ে রবিবার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আগামী ২৪ জুনের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর মো. সাব্বির ফয়েজ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পান।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

মো. শাহজাহান কবিরের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন। বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।