• ই-পেপার

মূল্যস্ফীতির হার কমলেও মানুষের কষ্ট কমে না

  • ড. হারুন রশীদ

অরণ্য, বন ও ফরেস্ট : শব্দের ইতিহাস, বিবর্তন ও বিতর্ক

ড. খালেদ মিসবাহুজ্জামান

অরণ্য, বন ও ফরেস্ট : শব্দের ইতিহাস, বিবর্তন ও বিতর্ক

মানুষের ইতিহাসে এমন কিছু শব্দ আছে, যেগুলো শুধু ভাষার অংশ নয়, বরং মানুষের চিন্তা, অর্থনীতি, রাজনীতি এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্কের বিবর্তনের সাক্ষী। বন বা ফরেস্ট তেমনই একটি শব্দ। আজকের পৃথিবীতে বন বলতে আমরা সাধারণত গাছপালায় আচ্ছাদিত বিস্তীর্ণ ভূখণ্ডকে বুঝি। কিন্তু এই শব্দটি কি আদি কাল থেকেই সেই অর্থ বহন করত? ফরেস্ট শব্দটি কি মূলত প্রাকৃতিক অরণ্য বোঝানোর জন্য তৈরি হয়েছিল, নাকি এটি মানুষের ভূমি ব্যবস্থাপনা ও সম্পদ ব্যবহারের ধারণা থেকে জন্ম নিয়েছিল?

কৃষিভিত্তিক সভ্যতার শুরুর দিকে পৃথিবীর বেশির ভাগ ভূখণ্ডই ছিল অনাবাদি, অনিয়ন্ত্রিত এবং মানবপ্রশাসনের বাইরে। এগুলোকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হতোজঙ্গল, অরণ্য ইত্যাদি। এসব ভূমির মূল্য তখনো মানুষের কাছে পুরোপুরি স্পষ্ট ছিল না। কৃষি সম্প্রসারণের যুগে অনেক ক্ষেত্রেই এগুলোকে অনুৎপাদনশীল বা সভ্যতার বাইরে অবস্থিত এলাকা হিসেবে দেখা হতো। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল যে এই ভূখণ্ড শুধু বন্য প্রকৃতির আশ্রয়স্থল নয়, এগুলো কাঠ, জ্বালানি, শিকার, ঔষধি উদ্ভিদ, পানির উৎস এবং পরবর্তীকালে রাষ্ট্রীয় সম্পদের ভাণ্ডার। আর তখনই বন্য ভূমি ধীরে ধীরে ব্যবস্থাপনার আওতায় পরিচালিত বন সম্পদ-এ রূপান্তরিত হতে শুরু করে।

ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, ইংরেজি ফরেস্ট শব্দটি এসেছে পুরনো ফরাসি ভড়ত্ল্গং থেকে, যার উৎস মধ্যযুগীয় লাতিন forestis silva। সে সময় শব্দটি দিয়ে এমন এক ধরনের ভূমিকে বোঝানো হতো, যা বসতির বাইরের হলেও রাষ্ট্রীয় বা রাজকীয় আইনের অধীনে সংরক্ষিত। অর্থাৎ ফরেস্ট শব্দটি প্রথম থেকেই কোনো নির্দিষ্ট উদ্ভিদতাত্ত্বিক বা পরিবেশগত শ্রেণিকে নির্দেশ করত না, বরং এটি ছিল প্রশাসনিক ধারণা, ভূমি ব্যবস্থাপনার ধারণা। বনের ধারণা কেন বদলে গেল? আঠারো ও উনিশ শতকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে কাঠের চাহিদা বাড়তে থাকে। জাহাজ নির্মাণ, খনি, রেলপথ, ঘরবাড়ি, কাগজশিল্পসব ক্ষেত্রেই বিপুল পরিমাণ কাঠ প্রয়োজন হয়। এই সময় বন আর শুধু শিকারক্ষেত্র রইল না, এটি হয়ে উঠল রাষ্ট্রীয় অর্থনীতির অন্যতম প্রধান সম্পদ। এর ফলে বনবিজ্ঞানের জন্ম হয়। বনকে প্রথমবারের মতো একটি উৎপাদনশীল সম্পদ হিসেবে দেখা শুরু হয়। এখানেই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেবনকে সংজ্ঞায়িত করা শুরু হয় তার উৎপত্তি দিয়ে নয়, বরং তার কার্যকারিতা দিয়ে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বনের সংজ্ঞা ব্যবহার করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। সর্বশেষ বনকে সংজ্ঞায়িত করা হয় প্রধানত বৃক্ষ আচ্ছাদন, বৃক্ষের উচ্চতা, ভূমি ব্যবহার এবং বনভিত্তিক কার্যকারিতার ভিত্তিতে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এফএও স্পষ্টভাবে বনকে দুটি প্রধান শ্রেণিতে ভাগ করেছে১. যেখানে গাছপালা মূলত প্রাকৃতিকভাবে জন্মেছে। ২. যেখানে বেশির ভাগ গাছ মানুষের রোপণ বা পরিকল্পিত বপনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বনবিজ্ঞানে মানুষের লাগানো বন কোনো বিরোধপূর্ণ ধারণা নয়, বরং এটি বহু দশক ধরে স্বীকৃত।

নতুন গবেষণা কী বলছে? সাম্প্রতিক গবেষণাগুলো আরো সূক্ষ্ম চিত্র তুলে ধরছে। ২০২৫ সালের গবেষণাগুলো দেখাচ্ছে যে অনেক ক্ষেত্রে পুনর্জন্মশীল বন জীববৈচিত্র্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সঠিক প্রজাতি নির্বাচন করে পুনর্বনায়ন করলে উষ্ণমণ্ডলীয় বন দ্রুত পুনরুদ্ধার হতে পারে এবং এর কার্বন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। অর্থাৎ আধুনিক বনবিজ্ঞান প্রাকৃতিক বন বনাম কৃত্রিম বন ধরনের দ্বৈত বিভাজন থেকে অনেকটাই সরে এসেছে।

২০২৫ সালে এফএও জোর দিচ্ছে বনকে একটি বৃহত্তর সামাজিক-পরিবেশগত ব্যবস্থার অংশ হিসেবে দেখার ওপর। সেখানে বনকে শুধু গাছের সমষ্টি নয়, বরং জীববৈচিত্র্য, জলবায়ু, ভূমি ব্যবহার ও মানবজীবনের সঙ্গে যুক্ত একটি জটিল ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ এতে বন শব্দটি আরো বেশি কার্যকর ও ব্যবস্থাপনাভিত্তিক ধারণায় পরিণত হয়েছে।

বনায়ন শব্দটি কি বৈজ্ঞানিকভাবে বৈধ? আন্তর্জাতিক পরিভাষা অনুযায়ী উত্তর হলো, হ্যাঁ। যদি বন শব্দটি শুধু প্রাকৃতিক অরণ্যের জন্য সংরক্ষিত হতো, তাহলে ‘afforestation’ শব্দটির অস্তিত্বই থাকত না। কারণ afforestation-এর আক্ষরিক অর্থই হলো যেখানে আগে বন ছিল না, সেখানে বন সৃষ্টি করা।

বিতর্কের প্রকৃত সমাধান কোথায়? বাস্তবিক অর্থে কোন ভূমিসত্তা বন কি না প্রশ্নটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো, এটি কি প্রাকৃতিক বন? এটি কি পুনরুদ্ধারকৃত বন? এটি কি সামাজিক বন? বন একটি প্রাকৃতিক সত্তা, আবার মানবিক নির্মাণও। শব্দের ইতিহাস আমাদের একটি চমকপ্রদ সত্য শেখায়। ফরেস্ট শব্দটির জন্ম হয়েছিল মানুষের ভূমি ব্যবস্থাপনার ভাষা হিসেবে। পরে বিজ্ঞান, অর্থনীতি এবং পরিবেশচিন্তার বিকাশের সঙ্গে এর অর্থ বিস্তৃত হয়েছে। আজকের পৃথিবীতে বন বলতে আমরা যেমন প্রাচীন অরণ্য বুঝি, তেমনি বুঝি পুনর্জন্মশীল বন, পুনর্বনায়নকৃত ভূখণ্ড, এমনকি কিছু ক্ষেত্রে মানুষের পরিকল্পনায় গড়ে ওঠা বৃক্ষ-বাস্তুতন্ত্রও। তাই বৈজ্ঞানিকভাবে অধিকতর সঠিক বক্তব্য হলো, সব বন সমান নয়, কিন্তু সব বনই যে প্রাকৃতিক হতে হবে এমন কোনো আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংজ্ঞা নেই।

লেখক : অধ্যাপক, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করুণা নয়, সুবিচারও নয়, অন্য কিছু

সিরাজুল ইসলাম চৌধুরী

করুণা নয়, সুবিচারও নয়, অন্য কিছু

সরলভাবে বলতে গেলে রাষ্ট্র ও সমাজের কাছ থেকে ব্যক্তির প্রত্যাশাটা করুণা নয়, সুবিচারও নয়। প্রত্যাশাটা হচ্ছে অধিকার। শুধু অধিকার থাকাই যে যথেষ্ট তা-ও নয়, প্রয়োজন সুযোগেরও। অধিকার সংবিধান এবং অন্যান্য কাগজপত্রে লেখা থাকতে পারে, লেখা থাকেও, কিন্তু অধিকার পাওয়ার ও ব্যবহারের সুযোগ যদি না থাকে, তাহলে ওসব তো শুকনা কথার কথা মাত্র। আর করুণা? করুণা তো তখনই দেখানোর সুযোগ ঘটে, যখন পাত্র থাকে করুণা গ্রহণের, নইলে নয়। ভিক্ষুক না থাকলে ভিক্ষাবৃত্তির প্রয়োজনটা কী? এবং ভিক্ষাদানের কাজটা দাতার পক্ষে আত্মতৃপ্তির ঘটনা হতে পারে ঠিকই, হয়ও বটে, কিন্তু ভিক্ষুকের জন্য ব্যাপারটা মোটেই লজ্জাজনক নয়। সুবিচারের আবশ্যকতার কথাও সাড়ম্বরে শোনা যায়। সুবিচার অর্থ হতে পারে করুণা, নয়তো আইনের যথাযথ প্রয়োগ, যাকে বলা হয়ে থাকে আইনের শাসন। কিন্তু বৈষম্যমূলক সমাজে আইনের শাসন তো সব সময়ে শক্তিশালীর পক্ষেই যায় এবং কাজ করে দুর্বলের বিপক্ষে। আইন নিজেও বিত্তবানের বিত্ত রক্ষার জন্যই তৈরি হয়েছে, বিত্তহীনের স্বার্থ তার দেখার কথা নয়, সেটা সে দেখেও না। তাই প্রত্যাশা বলতে যা বুঝি, সেটা হলো অধিকার ও সুযোগের সাম্য। দেশ থেকে দরিদ্রকে নির্বংশ করার কথা কেউ কেউ বলেন, কেউ আবার আরো এক ধাপ অগ্রসর হয়ে ঘোষণা করেন, দেশে কোনো ভিক্ষুক থাকবে না, অর্থাৎ কিনা ভিক্ষাবৃত্তিই উঠে যাবে। কিন্তু সেই ব্যবস্থাটার কী হবে, যে ব্যবস্থায় কেউ করুণা করে, অন্যরা করুণার প্রত্যাশা করতে থাকে, কেউ ভিক্ষা দিলেও দিতে পারে এবং অন্যরা ভিক্ষার আশায় হাত পেতে বসে থাকে?

আমাদের প্রত্যাশা সব সময়েই এ রকমের ছিল এবং এখনো তা অপরিবর্তিতই রয়ে গেছে, সেটা হলো যে ব্যবস্থাটা বদলাবে এবং মানুষে-মানুষে অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেটা তো ঘটছে না।

অনেক কিছুই ঘটে যাচ্ছে, সেগুলোকে সাফল্য বলার কোনো সুযোগ নেই; সরকার তো বদলাচ্ছেই, এমনকি রাষ্ট্রও একাধিকবার ভাঙাগড়ার ভেতর দিয়ে গেল। কিন্তু কই ভেতরের ব্যবস্থাটা তো বদলাল না। আর সেটা যদি না বদলায়, তাহলে ওপরের সবকিছুই, তা সেগুলো যে আকারের বা গুরুত্বের হোক না কেন, যতই বদলাব না কেন, তাতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। মূল সমস্যাটা হলো ওইটাই।

করুণা নয়, সুবিচারও নয়, অন্য কিছুঅনেক কিছুই বদলেছে, আরো বদলাবে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরের যে সমাজকাঠামো, সেটা তো বদলাচ্ছে না। সেখানে ভিক্ষাদাতার সংখ্যা যতই হোক, ভিক্ষুকের সংখ্যা অনেক। আর এই মানুষজনের কেউই ইচ্ছা করে ভিক্ষুক হয়নি। বাধ্য হয়েই ভিক্ষুক হয়েছে। আর সাধারণ মানুষের কথাই বা আলাদা করে বলি কেন, আমাদের ধনীরাও ভিক্ষুকই, তদবির করে, তোষামোদে ক্লান্ত হয় না; আমাদের সরকারও তো ভিক্ষার হস্ত প্রসারিত করেই রেখেছে দাতা, সাহায্য সংস্থা, বিশ্বব্যাংক, আইএমএফ ইত্যাদির কাছে। বৈষম্যমূলক সমাজব্যবস্থাই হচ্ছে নদী, তার স্রোতই নানা খাল, বিল, জলাশয় ও পুকুরে গিয়ে পড়েছে। প্রাকৃতিক নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু সামাজিক বৈষম্যের নদী শুকাবে কী, দিন দিন ফুলেফেঁপে উঠেছে।

এই যে এক নদীর শুকানো, আরেক নদীর স্ফীতি, এটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার এবং বলা বাহুল্য, আমরা এই বিপদের মধ্যেই রয়েছি। প্রত্যাশাটা হলো প্রাকৃতিক নদী বেগবান ও গভীর হবে, সামাজিক বৈষম্যের নদী দুর্বল হয়ে পড়বে। সামাজিক জীবনে যে মৌলিক পরিবর্তন ঘটছে না, তার লক্ষণ কী? অনেক লক্ষণ রয়েছে, প্রমাণও বিস্তর। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বেকার সমস্যা। এই সমস্যা সমাধানের ব্যাপারে তো তেমন কোনো বৈপ্লবিক পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। কর্মসংস্থান বাড়ছে না। বেকার ও অর্ধবেকারের সংখ্যা বেড়েই চলেছে। কর্মসংস্থান বৃদ্ধি করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের এই আমলাতান্ত্রিক রাষ্ট্র ঐতিহাসিকভাবেই বিনিয়োগবিরোধী। এ রাষ্ট্রে লোকেরা চাকরি চায়, সেবক হতে পছন্দ করে, ক্রেতা হতে পারলে ভয়ংকর খুশি হয়।

আমলাতন্ত্রের লোকেরা বিনিয়োগকারীকে দেখলে ভাবে, নিজেদের ক্ষমতা ব্যবহার করে মানুষটাকে যতটা পারা যায় জব্দ করবে, জব্দ করে তোষামোদ তো অবশ্যই, সম্ভব হলে ঘুষ আদায় করবে। বিনিয়োগকারী ব্যাংকে যাবে, দেখবে সেখানেও আমলাতন্ত্র তার জন্য ওত পেতে বসে রয়েছে। ক্লান্ত, বিরক্ত এবং কিছুটা সন্ত্রস্ত হয়ে সে তখন রণে ভঙ্গ দেবে।

বিদেশ থেকে লোকে প্রচুর টাকা পাঠায়। তারা আরো পাঠাতে প্রস্তুত রয়েছে, কিন্তু সে টাকা যে পুঁজি হয়ে বিনিয়োগে খাটবে, তেমনটা ঘটে না। ঘটছে না। টাকা বড়জোর দালানকোঠা, দোকানপাট এবং বিভিন্ন ধরনের অনুৎপাদক কাজে হারিয়ে যাচ্ছে, হয়তো অনেকটা নিষ্ক্রিয়ভাবেই পড়ে থাকছে ব্যাংকে। আবার বিদেশে পাচারও হচ্ছে। আমাদের প্রত্যাশা অবশ্যই এ রকমের যে প্রবাসীদের পাঠানো টাকা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হোক। এবং সে জন্য রাষ্ট্র যতভাবে পারা যায় বিনিয়োগকে সহজ, সম্ভব ও লাভজনক করে তুলুক। সমস্যাটা অর্থনৈতিক তো অবশ্যই, কিন্তু এর নিয়ন্ত্রণে রয়েছে রাজনীতি। প্রত্যাশাটা হলো এই রাজনীতিতে পরিবর্তন আসুক, কিন্তু সেটা আসবে কি? কেনই বা আসতে যাবে, হঠাৎ করে?

বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেটা ধারাবাহিক আন্দোলনের ফলেই। নইলে এখনো সে পাকিস্তানের অংশই থেকে যেত। বাংলাদেশ প্রতিষ্ঠার পর নানা ক্ষেত্রে আমাদের যে অর্জন, সেও আন্দোলনের কারণেই বটে। গ্যাসক্ষেত্রগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া, উন্মুক্ত কয়লাখনি স্থাপন করাএসব ব্যাপারে সরকারি মহলে নানা ধরনের জনস্বার্থবিরোধী তৎপরতা চলছিল। সেগুলো বাধাগ্রস্ত যে হয়েছে তার কারণ জন-আন্দোলন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যচুক্তি এখতিয়ারবহির্ভূতভাবে করেছে অন্তর্বর্তী সরকার। চুক্তির পক্ষে দক্ষিণ পন্থার রাজনৈতিক দলের সম্পৃক্ততার সংবাদও ফাঁস হয়েছে। দেশের স্বার্থবিরোধী ওই গোপন চুক্তির বিরুদ্ধে মানুষের ক্ষুব্ধতার প্রকাশ ঘটেছে। হয়তো সামনে আরো ব্যাপকভাবে ঘটবে।

কিন্তু আমরা যেমন উদারনৈতিক ও তাৎক্ষণিক আন্দোলনে সন্তুষ্ট থাকব না, তেমনি ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে গড়ে ওঠা বড় আন্দোলনকেও যথেষ্ট মনে করব না, আমরা চাইব সুসংগঠিত, ধারাবাহিক ও ক্রমসম্প্রসারণশীল গণ-আন্দোলন। কেননা ওই পথে এবং শুধু ওই পথেই রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা সম্ভবপর।

আন্দোলন যে হয়নি, তা তো নয়। অবশ্যই হয়েছে। আন্দোলন জাতীয়তাবাদীরা করেছেন, বামপন্থীরাও করেছেন। জাতীয়তাবাদী নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের সীমানাটা মোটেই অস্পষ্ট নয়, তারা দলের স্বাধীনতার ব্যাপারে নেতৃত্ব দিতে পারে ঠিকই, কিন্তু তার পরের যে কাজ, রাষ্ট্র ও সমাজকে রূপান্তর করার যে দায়িত্ব, সেটা তারা পালন করতে পারে না। এর প্রধান কারণ অবশ্য এই যে রূপান্তর তারা চায় না। তাদের লক্ষ্য ক্ষমতার হস্তান্তর ঘটানো। অর্থাৎ কিনা ক্ষমতা বিদেশিদের হাতে না থেকে তাদের হাতে চলে আসুকএটাই তাদের লক্ষ্য ছিল। ব্রিটিশ আমলের জাতীয়তাবাদী নেতারা যা চেয়েছেন, পাকিস্তান আমলের জাতীয়তাবাদী নেতারাও তার চেয়ে ভিন্ন কিছু চাননি। জনগণ তাঁদের সঙ্গে যোগ দিয়েছে। কেননা জনগণ মুক্তি চেয়েছে, যে মুক্তি ক্ষমতার হস্তান্তরের মধ্য দিয়ে আসবে, এমনটা কখনোই সম্ভব ছিল না; মুক্তির জন্য প্রয়োজন ছিল সামাজিক বিপ্লবের। জাতীয়তাবাদী নেতৃত্বকে অভিযুক্ত করে লাভ নেই। তাদের দিক থেকে তারা ততটুকুই করেছে, যতটুকু তাদের করার কথা ছিল। জাতীয়তাবাদীরা ক্ষমতা পেয়েই সন্তুষ্ট থাকেন না, ক্ষমতাকে কুক্ষিগত করতে চান। যে জন্য তাঁদের আচরণ এমনকি ফ্যাসিবাদের আকারও ধারণ করে। তাঁরা একাধিক দলে বিভক্ত হয়ে পড়েন এবং ক্ষমতা দখল করা ও দখলে রাখার তৎপরতাটাই পরিণত হয় দেশের মূল রাজনীতিতে। এতে বিস্ময়ের কোনো ব্যাপারই নেই।

লেখক : ইমেরিটাস অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

ড. বিভূতি ভূষণ মিত্র

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন

পরিবেশসংক্রান্ত বিচার ত্বরান্বিত করার জন্য পরিবেশ আদালত আইন, ২০১০ নামের একটি আইন প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী পরিবেশ আইন বলতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোনো আইন বা এই সব আইনের অধীনে প্রণীত বিধিমালা বোঝাবে। পরিবেশ আদালত বলতে এই আইনের অধীনে গঠিত পরিবেশ আদালতকে বোঝাবে।

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রতিটি জেলায় এক বা একাধিক পরিবেশ আদালত প্রতিষ্ঠা করতে পারবে। প্রতিটি পরিবেশ আদালত জেলা সদরে উপস্থিত থাকবে। কোনো জেলায় একাধিক পরিবেশ আদালত থাকলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এলাকা নির্ধারণ করে দেবে। এই আইনের বর্ণিত সব অপরাধের জন্য মহাপরিচালক বা তাঁর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি মামলা করতে পারবেন। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ সংঘটনে ব্যবহৃত যন্ত্রপাতি বা এর অংশবিশেষ, যানবাহন বা এর সঙ্গে সংশ্লিষ্ট পণ্যসামগ্রী বা বস্তু বাজেয়াপ্ত বা বিলিবন্দোবস্ত করার আদেশ দিতে পারেন। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের তলব অনুসারে উপস্থিত কোনো মামলার সাক্ষীকে তাঁর সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে ফেরত বা ছাড় দেওয়া হবে না। স্পেশাল ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠনের তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে মামলার বিচারকাজ সমাপ্ত করবে। পরিবেশ আইনে অপরাধসংক্রান্ত বিষয় পরিদর্শন করবেন একজন পরিদর্শক। স্পেশাল ম্যাজিস্ট্রেট অনধিক পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা কোনো কিছু বাজেয়াপ্ত বা বিনষ্ট করার আদেশ প্রদান করতে পারেন।

পরিবেশ আদালত আইন কেন সংশোধন প্রয়োজন সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এবং পরিবেশ বাঁচাও আন্দোলন একটি ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে পরিবেশ বিশেষজ্ঞরা বিদ্যমান পরিবেশ আদালত আইন সংশোধন করার ওপর জোর দেন। তাঁদের মতে, পরিবেশ আইন প্রয়োগে একটি পরিবেশ ফোর্স ইউনিট গঠন প্রয়োজন। পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিলের ব্যবস্থা রাখা, সরকারি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ এবং জবাবদিহির আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজন এই আইনের সংশোধন। তাঁদের মতে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করার অধিকার না থাকাটা নাগরিক অধিকারের পরিপন্থী।

পরিবেশ আদালত আইনের এসব অবস্থানের কারণেই মামলা হচ্ছে কম। একটি তথ্য মতে, ঢাকার মূল পরিবেশ আদালতে বর্তমানে বিচারাধীন মোট মামলার সংখ্যা আট হাজার ২৩১। এর মধ্যে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে মামলা হয়েছে মাত্র ১৩২টি। এর অর্থ ৯৮ শতাংশ মামলাই অন্য মামলা। গত ২৩ বছরে পরিবেশ আদালত প্রতিষ্ঠার পর মামলা হয়েছে মাত্র ৫৯২টি। এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৪৭৬। এই তথ্য দেখলে মনে হয়, বাংলাদেশে তেমন পরিবেশদূষণই হয় না। মামলা আর হবে কি। কিন্তু বাস্তবতা আরো ভয়ংকর। বায়ুদূষণ বা শব্দদূষণের  পাশাপাশি নদী বা জলাশয় দূষণের অবস্থা ভয়াবহ।  

বাংলাদেশে বায়ুদূষণে প্রতিবছরে মারা যায় ৮০ হাজার মানুষ। এতে বাড়ছে বিষণ্নতা। বায়ুদূষণের কারণে জিডিপির ৪ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে নভেম্বর থেকে মার্চ মাস সময় পর্যন্ত দূষণের মাত্রা এত বেশি থাকে, যা সারা বছরের প্রায় ৬৫ শতাংশ। বিশ্বব্যাংকের আরো একটি তথ্য মতে, বাংলাদেশে ২০১৯ সালে বায়ুদূষণ জনিত সমস্যায় ৭৮ থেকে ৮৮ হাজার মানুষ মারা গেছে। 

স্টেট অব গ্লোবাল এয়ার কোয়ালিট ফান্ডিং ২০২৩-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বায়ুর গুণগত মানোন্নয়নের তহবিলপ্রাপ্তিতে তৃতীয় ছিল বাংলাদেশ। প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বায়ুর মানোন্নয়নে বাংলাদেশ ২.৪ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু বাংলাদেশ বায়ুদূষণ মোকাবেলায় তেমন একটি অগ্রগতি দেখাতে পারেনি।

বাংলাদেশে প্লাস্টিক দ্রব্যাদির বাজার এক বিলিয়ন ডলারের। প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় চার হাজার। ঢাকায় প্রতিদিন এক কোটি ২০ লাখ পলিব্যাগের বর্জ্য ফেলা হয়। প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছেই। বাংলাদেশে ২০০৫ সালে এর বার্ষিক মাথাপিছু ব্যবহার ছিল তিন কেজি। এটি বেড়ে ২০২০ সালে হয়েছে ৯ কেজি। অর্থাৎ ১৫ বছরে বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে তিন গুণ।  বাংলাদেশে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। বিশ্বব্যাংকের তথ্য মতে, ঢাকায় প্রতিদিন ৬৪৬ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। ঢাকার মোট প্লাস্টিক বর্জ্যের ৩৭.২ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের ৬০ শতাংশ মেশে রাস্তাঘাট আর নদীতে। মন্ত্রণালয়ের তথ্য মতে, আমাদের দেশে প্রতিবছর আট লাখ ২১ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য হয়। এর মাত্র ৪০ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। অর্থাৎ দুই লাখ ২৮ হাজার টন পুনর্ব্যবহার করা হয়, আর বাকি অংশ পরিবেশেই থেকে যায়।

পলিথিনের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক। চোখ জ্বালা করা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, ক্যান্সার, চর্মরোগ থেকে শুরু করে অনেক ক্ষতিকর রোগের জন্য দায়ী। আমরা বাজারে গেলে পলিথিনে করেই সবকিছু নিয়ে আসি। এমনকি বিভিন্ন খাদ্যদ্রব্যও। অথচ পলিথিনে মোড়ানো এসব খাবারই খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী। মাছ-মাংস পলিথিন ছাড়া আমরা রাখি না। কিন্তু পলিথিনে মাছ-মাংস প্যাকিং করলে অবায়বীয় ব্যাকটেরিয়ার জন্ম হয়। প্লাস্টিকের বর্জ্য মাইক্রো ও ন্যানো কণারূপে মানুষের শরীরে ঢুকে হরমোনজনিত নানা সমস্যা সৃষ্টি করছে। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানা রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন ব্যাহত করছে। ক্যান্সারসহ ত্বকের নানা রকম রোগ সৃষ্টি করছে।

জীবজগতের ৮০ শতাংশের বসবাস বনে। প্রায় ৬০ হাজার প্রজাতির উদ্ভিদের আবাসস্থল এই বন। এ ছাড়া উভচর প্রজাতির ৮০ শতাংশ, পাখি প্রজাতির ৭৫ শতাংশ এবং স্তন্যপায়ী প্রাণী প্রজাতির ৬৮ শতাংশের বসবাস বনে। কিন্তু ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে এসব বন। এফএও-এর মতে, বিশ্বব্যাপী ২০০০ থেকে ২০১৫ সাল নাগাদ প্রায় ১.৪ শতাংশ বন হারিয়ে গেছে। বাংলাদেশে বেশির ভাগ বন ধ্বংস হচ্ছে দখলের মাধ্যমে। বন বিভাগের তথ্য মতে, সারা দেশে দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বন দখলে চলে গেছে। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গড়ে ২৫ হাজার একর বনভূমি দখল হয়েছে। এসব বন ধ্বংসের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার কনজারভেশনের ২০১৫ সালের প্রতিবেদন মতে, বাংলাদেশে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ৩১। এক হাজার ৬০০ প্রাণী প্রজাতির মধ্যে ৩৯০টি হুমকির মধ্যে রয়েছে। আর ৫০টির বেশি প্রজাতি ঝুঁকিতে রয়েছে। আইইউসিএনের ২০০০ ও ২০১৫ সালের প্রতিবেদন তুলনা করলে দেখা যাবে এই বিলুপ্তির হার অত্যধিক। ২০০০ সালে বিলুপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা ছিল ১৩। অর্থাৎ ১৫ বছরে ১৮টি প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, যা ভয়াবহ বিলুপ্তির হারকে নির্দেশ করছে।

ভয়াবহ বায়ুদূষণের তিনটি প্রধান কারণের একটি ইটভাটা। বাংলাদেশে যত্রতত্রই ইটভাটা রয়েছে। একটি তথ্য মতে, এর সংখ্যা প্রায় আট হাজার। আর এর অর্ধেকই অবৈধ। অবৈধ ইটভাটা বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর  বাংলাদেশ উচ্চ আদালতে বেশ কয়েকটি রিট করেছে। এতে কিছুটা সফলতা এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। ইটভাটার কারণে শুধু বায়ুদূষণই হচ্ছে না। ইট তৈরির জন্য মাটির প্রয়োজন পড়ে। ফসলি জমি থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে। ফসলি ক্ষেতের মাটির ওপরের অংশেই মূলত সার থাকে। কৃষকরা না বুঝে মুনাফার লোভে মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে ফসলি জমির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে হাজারেরও বেশি ইটভাটা রয়েছে, যেখানে সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়। এতে অসংখ্য কাঠের প্রয়োজন পড়ে, যা গাছ কেটে তৈরি করা হয়। ইটভাটার জন্য এভাবে অসংখ্য গাছ কাটার কারণে পরিবেশের ওপর চাপ বেড়ে যাচ্ছে।

যে হারে দূষণ বাড়ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, মৃত্যু বাড়ছে; সে হারে পরিবেশ মামলা নেই বললেই চলে। এই অবস্থায় বিদ্যমান পরিবেশ আইন সংশোধন জরুরি। বিশেষ করে পরিবেশ মামলা করার অধিকার অবশ্যই প্রত্যেক নাগরিককে দেওয়া উচিত। কেননা পরিবেশ অধিকারও এখন এক ধরনের মানবাধিকার।

লেখক : পরিবেশবিষয়ক লেখক

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ড. ফরিদুল আলম

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্র

ইরানকে একটু বেশিই অবমূল্যায়ন করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ইসরায়েলের দিকটি বিবেচনায় নিলে বলতে হয়, তারা ইরানের সক্ষমতার বিষয়টি হয়তো আগেই বুঝেছিল, আর এটিও ভালো করে অনুধাবন করতে পেরেছিল যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখতে এবং কাঙ্ক্ষিত পর্যায়ে বৃদ্ধি করতে হলে সেটি তাদের একক সামরিক শক্তি বা সক্ষমতা দিয়ে সম্ভব নয়। তাই কৌশলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা হয়েছে এবং তার মধ্য দিয়ে একটি সফল যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করা হয়েছে। এই জায়গাটিতে ইসরায়েলের কূটকৌশলও ঠিকমতো কাজ করল না! এ ক্ষেত্রে অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্কিত কর্মকাণ্ডগুলো এড়ানো এবং দুর্নীতির অভিযোগে আদালতের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার একটি কৌশলও সমানভাবে পরিলক্ষিত হয়েছে। এই যুদ্ধের ফলাফল তাঁদের সপক্ষে না এলেও তিনি চেয়েছিলেন যুদ্ধটিকে প্রলম্বিত করে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনটিকে জরুরি অবস্থার আলোকে পিছিয়ে দিতে। তাঁর নানা ধরনের কলাকৌশলের ফাঁদে নিশ্চিতভাবে পা দিয়েছিলেন রাজনৈতিকভাবে আনকোরা ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদনহীন ৪০ দিনের যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার ফলে তিনি দেশের অভ্যন্তরেও নানামুখী সংকট তৈরি করেছেন। ফলে এখন রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরে তাই দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

ইরান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রগত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মূলত এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ উপলব্ধিটিই প্রকাশ পেয়েছে। এই উপলব্ধি হচ্ছে এমন এক বিষয়, যার মধ্য দিয়ে কার্যত এটিই খোলাসা হয়ে গেল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়ে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভুল কাজটি করেছে। এটি এমনই এক ভুল, যার জন্য দেশটিকে খেসারত দিয়ে যেতে হবে অনেক দিন। এটি তাদের জন্য এমন এক আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার খেসারত দিতে হতে পারে সামনের দিনগুলোতে মধ্যবর্তী নির্বাচনে এবং নির্বাচনোত্তর সময়ে রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির মধ্য দিয়ে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের মতো বিষয়ও সামনে চলে আসতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এরই মধ্যে আবারও একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এখনো হুংকার দিয়ে বলতে শোনা যায়, ইরানকে নিশ্চিহ্ন করে দেব। ট্রাম্পের এই দম্ভোক্তি এটিই জানান দেয় যে তাঁর হাতে সেই ক্ষমতা থাকলে ইরানের ক্ষেত্রে তিনি এর প্রয়োগ ঘটাতে একমুহূর্ত বিলম্ব করতেন না। এই মুহূর্তে তাঁর অবস্থা এমন হয়েছে, যাঁকে তুলনা করা যায় দন্তবিহীন ব্যাঘ্রের সঙ্গে! 

ইরান ঘিরে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে ক্ষমতার কেন্দ্রিকতার সমীকরণ যে অনেকটাই পাল্টে গেছে, যুক্তরাষ্ট্র কি এটি অনুধাবন করতে পারছে? বিষয়টি আসলে একটু অন্য রকমভাবে বললে ভালো হয়, আসলে এটি ডোনাল্ড ট্রাম্পের অনুমানশক্তিতে ঠিকমতো কাজ করছে বলে মনে হয় না। যদি এমনটিই হতো, তাহলে তিনি এই সময়ে ইরান নিয়ে দম্ভোক্তি কম করতেন। কারণ তিনি দম্ভোক্তি যতটা কম করবেন, ততটাই তাঁর এবং যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে। হরমুজ প্রণালিতে ইরানের কথিত হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত হামলার ততক্ষণাৎ জবাব দিয়ে ইরান এটিই জানান দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না, প্রয়োজনে তারা আরো অনেক দিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। আর এখানেই মূল চিন্তার বিষয়টি কাজ করার কথা। হয়তো সেটি মার্কিন উপলব্ধিতে সঠিকভাবে কাজ করছে না। ইরানের সঙ্গে অদৃশ্য সহায়ক শক্তি রয়েছে, বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারা সেই শক্তি, এই বিষয়ে চীন ও রাশিয়ার নাম একবাক্যে বলে দেওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তুরস্কের বিষয়টিও সামনে এসেছে। ইসরায়েলের পক্ষ থেকে বিস্তৃত একটি ইহুদি রাষ্ট্রের পরিকল্পনা থেকেই ইরানকে নির্মূল করার প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অপরাপর দেশও ইসরায়েলের ভয়াল থাবা থেকে রেহাই পাবে না। এমন বোধোদয় যদি আরো কোনো রাষ্ট্রের পক্ষ থেকে ঘটে থাকে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে পরিস্থিতি আর আগের মতো নেই এবং অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইরান কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে এই বার্তাই যেন দিয়েছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিহার্যতার আর কোনো অবকাশ নেই। এত দিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার নামে এই অঞ্চলের ১২টি দেশে ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলকেই শক্তিশালী করতে চেয়েছে। এগুলোকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে মুহুর্মুহু হামলায় যুক্তরাষ্ট্র শুধু নিজেদের ঘাঁটি এবং লোকবলকেই রক্ষা করতে সচেতন থেকেছে। এ বিষয়ে বোধোদয় ঘটতে শুরু করেছে সৌদি আরবসহ অপরাপর দেশের। একইভাবে ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির অন্যতম শর্ত হিসেবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। 

একদিকে ট্রাম্পের হাঁকডাক, সমঝোতা স্মারকের শর্ত ভেঙে ইরানে আবারও হামলার হুমকি, আবার অন্যদিকে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির অংশ হিসেবে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় কয়েক দিনের আলোচনায় ইরানের ওপর থেকে পরবর্তী ৬০ দিনের জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে দুই পক্ষের ঐকমত্য এবং ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়ে মার্কিন সম্মতি এই যুদ্ধে ইরানকে বিশেষ সুবিধাজনক অবস্থায় আসীন করেছে। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধেও এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ফলপ্রসূ হয়েছে। আপাতদৃষ্টিতে নেতানিয়াহুর হম্বিতম্বিও কমেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবরুদ্ধ হয়ে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ছয় বিলিয়ন ডলার অবমুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনা থেকে এটিই দিবালোকের মতো দৃশ্যমান হয়েছে যে যুদ্ধের ফলে ইরানের অপূরণীয় ক্ষতি হলেও এই যুদ্ধের আপাত অবসানের মধ্য দিয়ে তারা যুদ্ধাবস্থার আগের তুলনায় অনেক শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। হরমুজ প্রণালি ঘিরে ইরানের টোল আরোপের বিষয়টি নিয়েও ইরানের অবস্থান শক্ত রয়েছে।

এই যুদ্ধে কোন পক্ষ জয়ী বা কোন পক্ষ পরাজিত হয়েছেএসব প্রশ্নকে অতিক্রম করে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একমেরুকেন্দ্রিক বৈশ্বিক রাজনীতি কার্যত বদলে যাচ্ছে এবং নতুন এক রাজনৈতিক মানচিত্রের জন্ম হতে যাচ্ছে। এই শতাব্দীর শুরু থেকেই চীন ও রাশিয়ার ক্রম-উত্থান এবং নতুন বিশ্বব্যবস্থা সৃষ্টিতে তাদের জোটগত অবস্থান, অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটব্যবস্থার অবনতিশীল অবস্থা বৈশ্বিক মেরুকরণে এক ধরনের বহুপাক্ষিকতা সৃষ্টি করতে যাচ্ছে। এই বহুপাক্ষিকতার অংশীদার হিসেবে একদিকে যেমন রাশিয়া ও চীনের মতো শক্তিশালী রাষ্ট্র রয়েছে, একই সঙ্গে ভারতকেও শক্তিশালী করা হচ্ছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মতো সংস্থাগুলো বৈশ্বিক রাজনৈতিক ভরকে এশিয়ামুখী করে তুলতে পারে।

সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলমান। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি সারা বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা শিথিলতা তৈরি করেছে অথবা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে রাষ্ট্রগুলোকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক জোট ন্যাটো এবং জি-৭-এর মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ধারাটি ক্ষুণ্ন হচ্ছে মারাত্মকভাবে। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তিত হলেও পররাষ্ট্রনীতির মূল জায়গায় পরিবর্তন ঘটে না বলে যে ধারণাটি এত দিন ধরে প্রচলিত ছিল, ট্রাম্পের এই মেয়াদে ইউক্রেন যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নেওয়া এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইউরোপের সহযোগী না হওয়া অন্য রকম বার্তা দিচ্ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা পরিকল্পনা নবায়নের চেষ্টা এখন পুরোদমে এগিয়ে চলছে। অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে তাদের দূরত্বও অনেক কমিয়ে আনা হয়েছে। এশিয়ায় ভারত ও চীন একত্র থাকলে বিশ্বব্যবস্থায় নতুন কিছু অর্জন করা সম্ভবচীনের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এমন মন্তব্য থেকে অনুমান করা যেতে পারে যে পারস্পরিক অভিন্ন অর্থনৈতিক স্বার্থ এবং এ লক্ষ্যে যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্রের এত দিনের রাজনৈতিক ক্ষমতা কাঠামোর ভিতকে দুর্বল করে তুলছে।

মূলত ইরান যুদ্ধ বিশ্বের কাছে এই বার্তাই দিয়েছে যে এত দিন ধরে চলমান বৈশ্বিক নিরাপত্তা কাঠামো এবং রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আশু করণীয় হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েল ছাড়া আর কোনো সহযোগীকেই পাশে পাচ্ছে না, সেটিও আবার মধ্যপ্রাচ্যকেন্দ্রিক, যা এক ভঙ্গুর অবস্থায় পতিত। বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে শিগগিরই পরিবর্তন ঘটছে কি না, সেটিই এখন দেখার পালা।

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়