১৫ জুন বিশ্ব ডেঙ্গু দিবস। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘One World Against Dengue’ (ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব)—আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ডেঙ্গু আজ আর কোনো নির্দিষ্ট দেশ, অঞ্চল বা ঋতুর মধ্যে সীমাবদ্ধ একটি রোগ নয়, এটি বিশ্বের দ্রুততম বিস্তারমান মশাবাহিত সংক্রামক রোগগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, বৈশ্বিক যোগাযোগ ও মানুষের ক্রমবর্ধমান চলাচলের ফলে ডেঙ্গু এখন একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে এবং প্রতিবছর আনুমানিক ১০০ থেকে ৪০০ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়। উষ্ণমণ্ডলীয় ও উপ-উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নগর ও উপনগর এলাকাগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু ভাইরাস সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং যদিও বেশির ভাগ ক্ষেত্রে সংক্রমণ উপসর্গহীন অথবা মৃদু জ্বর হিসেবে দেখা দেয়, কিছু ক্ষেত্রে এটি মারাত্মক ডেঙ্গুতে রূপ নিয়ে প্রাণহানির কারণ হতে পারে।
বিশ্ব ডেঙ্গু দিবস সামনে রেখে সিঙ্গাপুরে শুরু হয়েছে এশিয়া ডেঙ্গু সামিট ২০২৬, যেখানে বিশ্বের প্রায় ৬০টি দেশের গবেষক, বিজ্ঞানী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় ও চিকিৎসাসংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্র হয়েছেন। ‘ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব’ প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। ডেঙ্গুর মতো একটি আন্তঃসীমান্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় কোনো দেশ এককভাবে সফল হতে পারে না; প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য বিনিময়, গবেষণার সমন্বয় এবং অভিজ্ঞতা ভাগাভাগি। তাই এশিয়া ডেঙ্গু সামিট শুধু একটি বৈজ্ঞানিক সম্মেলন নয়, বরং বৈশ্বিক সংহতির এক প্রতীক।
বাংলাদেশ থেকেও এই সম্মেলনে উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আইইডিসিআরের গবেষকরা সেখানে অংশগ্রহণ করছেন। তাঁদের উপস্থিতি বাংলাদেশের অভিজ্ঞতা, গবেষণার ফলাফল এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সফল উদ্যোগ ও উদ্ভাবনী কৌশল থেকে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। ডেঙ্গু আজ যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই এর সমাধানও হতে হবে বৈশ্বিক সহযোগিতা ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডেঙ্গুর বাস্তবতা বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্ব ডেঙ্গু দিবস আমাদের মনে করিয়ে দেয় যে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি সংক্রামক রোগ নয়, এটি একটি দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রোগটির প্রকোপ ও বিস্তার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সাল বাংলাদেশের ডেঙ্গু ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে যায়। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন লাখ ২১ হাজার ১৭৯ এবং একই বছরে এক হাজার ৭০৫ জন মানুষের মৃত্যু ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা। ২০২৪ সালেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি; ওই বছরে এক লক্ষাধিক মানুষ আক্রান্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এই ধারাবাহিক উচ্চ সংক্রমণ ও মৃত্যুহার প্রমাণ করে যে বাংলাদেশে ডেঙ্গু এখন কার্যত একটি এন্ডেমিক রোগে পরিণত হয়েছে।
এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ সক্রিয় রয়েছে। দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, নির্মাণাধীন ভবনের অনিয়ন্ত্রিত পরিবেশ, প্লাস্টিক বর্জ্যের স্তূপ এবং গৃহস্থালি পর্যায়ে পানি জমে থাকার প্রবণতা এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘায়িত বর্ষাকাল, অনিয়মিত বৃষ্টিপাত এবং আর্দ্রতার পরিবর্তন মশার জীবনচক্রকে আরো অনুকূল করে তুলছে। ফলে যে মৌসুমে আগে ডেঙ্গুর প্রকোপ সীমিত থাকত, এখন সেই সময়সীমা ক্রমেই দীর্ঘ হচ্ছে। একই সঙ্গে জনসচেতনতার ঘাটতি এবং প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সমস্যাটি আরো জটিল হয়ে উঠছে।
ডেঙ্গুর প্রভাব শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সংকটও বটে। প্রতিবছর বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়া স্বাস্থ্যব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। হাসপাতালগুলোতে শয্যাসংকট, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, রক্তের চাহিদা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত কর্মচাপ একটি নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। একই সঙ্গে কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে রোগের বিস্তার উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে এবং বহু পরিবারকে আর্থিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ডেঙ্গু শক সিনড্রোম এবং অন্যান্য জটিলতার কারণে মৃত্যুর ঘটনাগুলো এই সংকটকে আরো গভীর করে তুলছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতাও স্পষ্ট। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব, সীমিত ভেক্টর নজরদারি ব্যবস্থা এবং অতিরিক্ত কীটনাশকনির্ভর নিয়ন্ত্রণ কৌশল দীর্ঘ মেয়াদে কার্যকর ফল দিতে পারছে না। অনেক ক্ষেত্রে রোগীর তথ্য, মশার ঘনত্ব এবং পরিবেশগত ঝুঁকির তথ্য একত্রে বিশ্লেষণ করা হয় না। একই ধরনের কীটনাশক দীর্ঘদিন ব্যবহারের ফলে মশার মধ্যে প্রতিরোধক্ষমতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় উদ্বেগ।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হলো একটি সমন্বিত, বিজ্ঞানভিত্তিক এবং টেকসই ডেঙ্গু নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করা। Integrated Vector Management (IVM) বা সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা হতে পারে এর মূলভিত্তি। ডেঙ্গু নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মশার প্রজননস্থল ধ্বংস। কারণ এডিস মশার বংশবিস্তার বন্ধ না করে শুধু প্রাপ্তবয়স্ক মশা নিধনের মাধ্যমে দীর্ঘ মেয়াদে সফলতা অর্জন সম্ভব নয়। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, নির্মাণাধীন ভবন এবং সরকারি স্থাপনাগুলোতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব লার্ভা নিয়ন্ত্রণ ব্যবস্থা, জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড ব্যবহারের ওপর গুরুত্ব বাড়াতে হবে।
ফগিং কার্যক্রমকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পরিচালনা করা জরুরি। অকারণ ও নির্বিচারে ফগিং যেমন দীর্ঘ মেয়াদে কার্যকর নয়, তেমনি এটি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর পরিবর্তে রোগের হটস্পট এলাকাগুলো চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী ভেক্টর সার্ভেইল্যান্স ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে রোগীর তথ্য, মশার ঘনত্ব এবং আবহাওয়াগত উপাত্ত একত্রে বিশ্লেষণ করে আগাম সতর্কতা ব্যবস্থা বা Early Warning System গড়ে তোলা হবে। আধুনিক প্রযুক্তি, জিআইএস ম্যাপিং, মোবাইলভিত্তিক রিপোর্টিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পূর্বাভাস ব্যবস্থাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো জনসম্পৃক্ততা। ডেঙ্গু মোকাবেলা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, গণমাধ্যম, নাগরিক সমাজ ও বেসরকারি খাত—সবার সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থায়ী সাফল্য অর্জন সম্ভব নয়। মানুষের আচরণগত পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত উৎস ধ্বংস কার্যক্রমকে সামাজিক সংস্কৃতির অংশে পরিণত করতে হবে।
বিশ্ব ডেঙ্গু দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘ডেঙ্গুর বিরুদ্ধে এক বিশ্ব’ আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে কেউ একা নয়। এটি এমন একটি সংকট, যার সমাধান আন্তর্জাতিক সহযোগিতা, বৈজ্ঞানিক গবেষণা, কার্যকর নীতিনির্ধারণ এবং নাগরিক অংশগ্রহণের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই নিহিত। বাংলাদেশের জন্য এই দিবস শুধু সচেতনতা বৃদ্ধির উপলক্ষ নয়, বরং একটি আত্মসমালোচনার সুযোগ, যেখানে আমাদের বর্তমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী, সমন্বিত ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এখনই সময় প্রতিক্রিয়াশীল ব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে প্রতিরোধভিত্তিক, তথ্যনির্ভর এবং দীর্ঘমেয়াদি ডেঙ্গু নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়নের। তাহলেই হয়তো আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ এবং ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
লেখক : অধ্যাপক, কীটতত্ত্ববিদ ও
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়




সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল উদ্দেশ্য ছিল যোগাযোগ সহজ করা। কিন্তু বাস্তবে অনেকেই এর গঠনমূলক ব্যবহার থেকে সরে এসে এটিকে পরিণত করেছেন আত্মপ্রদর্শন ও সময় অপচয়ের মাধ্যম হিসেবে। মনোবিজ্ঞানীরা বলছেন, এই লাইক-কমেন্টের সংস্কৃতি মানুষকে এক ধরনের ছদ্ম-স্বীকৃতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের সুখ, সৌন্দর্য এবং যোগ্যতার মাপকাঠি সঁপে দিয়েছি অন্যের হাতের একটা ডিজিটাল ক্লিকের ওপর। কোনো পোস্টে লাইক কম হলে একবিংশ শতাব্দীর তরুণ মন বিষাদে আক্রান্ত হচ্ছে, নিজেকে ভাবছে ব্রাত্য। আর লাইকের সংখ্যা হাজার পার হলে ক্ষণিকের জন্য মিলছে এক কৃত্রিম পরম তৃপ্তি। আমরা কি তবে ক্রমেই এক আত্মরতিমূলক (
বাছাই না করেই বিদেশি কম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এরই মধ্যে ঘোষিত দরপত্রের শর্তে বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করে দিয়েছে। পেট্রোবাংলার যুক্তি অনুযায়ী এতে দরপত্রে বিদেশি কম্পানির অংশগ্রহণ বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন সরকারের মেয়াদ তিন মাস পেরোনোর আগেই বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই না করে এবং এ ধরনের একটি উচ্চ কারিগরি বিষয়ে ব্যাপকভিত্তিক বিশেষজ্ঞ মতামত গ্রহণ ছাড়াই তাড়াহুড়া করে এভাবে দরপত্র আহবান করাটা কি আদৌ সমীচীন হয়েছে? অভিজ্ঞ মহলের মতে, এর জবাব হচ্ছে ‘না’। সমুদ্রসীমা নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে সৃষ্ট বিরোধে এতদসংক্রান্ত আন্তর্জাতিক আদালত যথাক্রমে ২০১২ ও ২০১৪ সালে বাংলাদেশের পক্ষে রায় দেওয়ার পর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু এই এক যুগেও যখন এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি, তখন বিশেষজ্ঞ অভিমত হচ্ছে, বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করে দেখা ও এ বিষয়ে অধিকতর মতামত গ্রহণের জন্য আরো চার-ছয় মাস বিলম্ব হলে তাতে মোটেও এমন বড় কোনো ক্ষতি হয়ে যেত না। কিন্তু সেটি না করে তাড়াহুড়া করে সম্ভাব্য দরদাতা কম্পানির দেওয়া অগ্রিম শর্তে দরপত্র আহবান করার প্রেক্ষিতেই বরং দেশের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।