ষোলোকলা পূর্ণ করা হার বাংলাদেশের
প্যারাগুয়ের চমক

এখন ভিন্ন চ্যালেঞ্জ আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক : আর্জেন্টিনার অগ্রযাত্রার এখানেই সমাপ্তি। এরই মধ্যে বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে তাদের হারিয়ে দেবে শেষ বত্রিশের লড়াইয়ে। এটি ঘানার আলোড়ন তোলা তান্ত্রিক কাওয়াসু বোনসামের ভবিষ্যদ্বাণী। তিনি অবশ্য এখন পর্যন্ত কোনো ‘তুকতাক’ করেননি লিওনেল মেসিদের নিয়ে। তবে তাঁর কথাই এখন সতর্কবাণী হয়ে গেছে। কারণ, ঘানার বিপক্ষে তাঁর করা জাদুতেই নাকি ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন গোল করতে পারেননি। আর আর্জেন্টিনারও অগ্রযাত্রায় ‘আফ্রিকান’ বাধা থাকা যেন অমোঘ নিয়তি। এ কারণেই কোচ লিওনেল স্কালোনিও বলছেন, ভিন্ন রকমের চ্যালেঞ্জ শুরু হচ্ছে মেসিদের।
বিশ্বকাপ ধরে রাখার মিশনে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই এগিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মহাতারকা মেসির জ্বলজ্বলে পারফরম্যান্সে তারা প্রতিপক্ষদের কোনো সুযোগই দেয়নি গ্রুপ পর্বে। তবে এখন নক আউট পর্বে ঘটতে পারে যেকোনো কিছুই। এরই মধ্যে ফেভারিট জার্মানির বিদায় ঘটেছে আলোচনায় না থাকা দল প্যারাগুয়ের কাছে হেরে। তাই আফ্রিকার উপকূল থেকে ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিকের দ্বীপদেশ কেপ ভার্দের বিপক্ষে কী ঘটবে তা আগেভাগেই ভেবে রেখে লাভ নেই ফিফা র্যাংকিংয়ের ১ নম্বর দলটির। ফেভারিট স্পেনকে রুখে দিয়ে হৈচৈ ফেলা বিশ্বকাপ অভিষেক হয়েছে কেপ ভার্দের। দলটি হারেনি, উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতার পর সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার।
আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপে ৯ বার খেলেছে, যার মধ্যে পাঁচবারই প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমে গ্রুপ পর্বে হেরে যায় ১-০ গোলে। এরপর ১৯৯৪ থেকে ২০১৮ সালের মধ্যে চার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে পড়ে নাইজেরিয়া। এবার গ্রুপ পর্বে তাই আফ্রিকার দেশ আলজেরিয়ার বিপক্ষে নামার আগে অনেকেই মেসিদের চ্যালেঞ্জ দেখছিলেন। তবে সেই বাধা টপকে গেছেন তাঁরা সহজেই। এবার শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে স্কালোনি বলেছেন, ‘আমরা ভালো করছি এবং এখন বিশ্বকাপের আরেক ধাপ শুরু হচ্ছে। এখন আরো ভালো কিছুই করতে হবে।’ প্রথম উদ্দেশ্য সফল হয়েছে মেসিদের—প্রথম স্থান অর্জন করে গ্রুপ পর্ব পেরিয়েছেন। কিন্তু খেলোয়াড়দের শারীরিক পরিশ্রমের ধকল সামলে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মেসি ছাড়া বাকিদের এখন পর্যন্ত দলকে টেনে নেওয়ার মতো সেরা অবস্থানে দেখা যায়নি (দুর্বল জর্দান ম্যাচ ছাড়া)। এর মধ্যে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেসের ফর্ম সবচেয়ে চিন্তার বিষয়। এবার প্রতিপক্ষ কেপ ভার্দে, যারা এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক। কাগজে-কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও বিশ্বকাপের ইতিহাস এমন যে নক আউট পর্বে এসে অতীতের সব ফল হয়ে যায় অর্থহীন।
টিভিতে

ক্রিকেট
ইংল্যান্ড-ভারত
প্রথম টি-টোয়েন্টি, সরাসরি
রাত ১০-৩০ মিনিট, সনি স্পোর্টস ৫
টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ, শেষ বত্রিশ
মেক্সিকো-ইকুয়েডর
সরাসরি, সকাল ৭টা
নেদারল্যান্ডস-মরক্কো
বিলম্বে সম্প্রচার, সকাল ১০টা
ইংল্যান্ড-ডিআর কঙ্গো
সরাসরি, রাত ১০টা
বেলজিয়াম-সেনেগাল
সরাসরি, রাত ২টা
যুক্তরাষ্ট্র-বসনিয়া
সরাসরি, বৃহস্পতিবার সকাল ৬টা
