• ই-পেপার

চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

বালুভর্তি ট্রাকসহ বেইলি সেতু খালে, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
বালুভর্তি ট্রাকসহ বেইলি সেতু খালে, আহত ৪

গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদাসীনতার কারণে শহরের পাচুড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজি বাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকচালক, হেলপার, ইজি বাইকচালক ও বাইসাইকেল আরোহী আহত হন। ঘটনার পর গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকল্প সড়ক লেকপার দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে অতিরিক্ত বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। পার হওয়ার সময় হঠাত্ সেটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় একটি ইজি বাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়।

 

 

মানহানির দুই মামলায় জামিন আমির হামজার

সিরাজগঞ্জ প্রতিনিধি
মানহানির দুই মামলায় জামিন আমির হামজার

সিরাজগঞ্জের আদালতে হাজির হয়ে দুটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। গতকাল রবিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার পৃথক আদেশে তাঁকে জামিন দেন। আসামিপক্ষের আইনজীবী আবু তালেব বলেন, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় আমির হামজা হাইকোর্টের জামিনে ছিলেন। রবিবার স্থায়ী জামিনের জন্য চৌহালী আমলি আদালতে হাজির হন তিনি। বিচারক শুনানি শেষে তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কূটক্তি করার মামলায় আমির হামজা সদর আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এই মামলায় তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন বিচারক।

 

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের ঘরে আগুন

পাবনা প্রতিনিধি
শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তের ঘরে আগুন

পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত কাশেমের বাড়ি ও দোকানঘরে আগুন দেয় উত্তেজিত জনতা। গতকাল রবিবার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে আড়িয়াডাঙ্গী বাজারে মানববন্ধন করেন। এ সময় তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। মানববন্ধনের একপর্যায়ে উত্তেজিত জনতা আড়িয়াডাঙ্গী বাজারে অভিযুক্তের মুদি দোকান এবং আরো একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, ১ জুন শ্লীলতাহানির অভিযোগে গত শনিবার মেয়ের মা থানায় নারী নির্যাতন মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নেত্রকোনা ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

নেত্রকোনা সদরে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান আমতলা ইউনিয়নের সাপমারা গঞ্জামের কৃষক জামাল মুন্সি। এ ছাড়া মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়ার। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে। এদিকে ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ভালুকা পৌরসভার মেঘার মাঠে গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দোকান থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে আহত হয় ফয়সাল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।