• ই-পেপার

প্রাপক আমার বাবা

অনন্ত অপেক্ষায় চোখভরা জলে খুঁজব আপনাকে

  • বাবা দিবস উপলক্ষে লেখা আহবান করেছিল অবসরে। নির্বাচিত আরো চারটি লেখা ছাপা হলো আজ

প্রাপক আমার বাবা

তা কি আর ভার্চুয়ালি পাওয়া যায়?

তা কি আর ভার্চুয়ালি পাওয়া যায়?

আজ দেশান্তরি হয়ে হাজার মাইল দূরে বসে যখন পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, তখন অস্তিত্বের কেন্দ্রে এক বিশাল মহীরুহকে অনুভব করি—তিনি আমার বাবা। ৯ মাসের দীর্ঘ বিরতি, শুধু ভিডিও কলে সীমাবদ্ধ আমাদের দেখাদেখি। প্রযুক্তির এই কৃত্রিম আলোতে বাবার মুখটি স্পষ্ট দেখা যায়, কিন্তু তাঁর হাতের সেই উষ্ণতা, যা একসময় সব ভয় দূর করে দিত, তাকে কি আর ভার্চুয়ালজগতে পাওয়া যায়? আমার বাবা বহুল আলোচিত ‘উগ্র মেজাজ’ বা কঠোর শাসনের এক মূর্ত প্রতীক। শৈশব থেকে কৈশোর পর্যন্ত তাঁর সেই শাসনের ছায়ায় বেড়ে ওঠা আমার কাছে কখনো কখনো পাহাড়সম মনে হতো। পরিণত বয়সে এসে বুঝি সেই কড়া মেজাজের আড়ালে ছিল এক বিশাল সমুদ্রসম মমতা, পৃথিবীর সব প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে আমাকে যিনি অকুতোভয় করে তোলেন। যখন ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যাই, তিনি এক ধ্রুবতারার মতো জ্বলে ওঠেন আমার সমর্থনে। আজ বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবী দেখার সাহস অর্জন করেছি। কিন্তু অবাক হয়ে দেখি, আমার এই বেড়ে ওঠাকে তিনি শুধু দেখেননি, লালন করেছেন তাঁর সব স্বপ্ন দিয়ে। তাঁর একমাত্র তৃষ্ণা—তাঁর সন্তান একজন ‘প্রতিষ্ঠিত নারী’ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। বাবা জানেন না, আমার এই পথচলার প্রতিটি ধাপে যে আত্মবিশ্বাস কাজ করে, সেই জ্বালানি তাঁরই দেওয়া। ভিডিও কলের ওপাশ থেকে যখন তিনি বলেন, ‘সামনে এগিয়ে যাও, কোনো কিছুতেই থেমো না’, তখন মনে হয় হাজার মাইল দূরত্বেও তিনি ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছেন। বাবার শাসন আর অনুপ্রেরণা—এই দুইয়ের সমন্বয়ে আমার সত্তা। তিনি আমাকে শিখিয়েছেন—প্রতিষ্ঠা মানে শুধু ক্যারিয়ার নয়, বরং মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বাঁচার নামই হলো প্রকৃত স্বাধীনতা। তাঁর সেই কঠোরতা আজ আমার কাছে এক অনুশাসিত জীবনের পথনির্দেশক। প্রতিদিনের কথোপকথনে তিনি যে স্বপ্ন বুনে দেন, তা আমাকে ক্লান্ত হতে দেয় না। বাবা মানেই সেই আকাশ, যার সীমানা নেই। হাজার মাইল দূরে থেকেও তার ছায়ায় নিরাপত্তা অনুভব করি। সেই ছায়ায়ই আমার বেড়ে ওঠা, স্বপ্ন দেখা। বাবা, তুমি দূরে আছ ঠিকই, কিন্তু আমার প্রতিটি সাফল্যের প্রতিটি কণায় মিশে আছ তুমি।        

মুমতাহহিনা খাতুন

তেহরান, ইরান

প্রাপক আমার বাবা

আব্বা এবং সিঁড়ির গল্প

আব্বা এবং সিঁড়ির গল্প
চিত্রকর্ম : সাইকেল, বাবা আর আমি। শিল্পী : সমর মজুমদার

আশির দশকের শুরুর লগ্ন। সেদিন বানিয়া বাজারে হাটবার। বাবার হাত ধরে হাঁটছি। পথের ধারেই কড়িয়াইলের শামছুল ইসলাম খানের বিশাল বাড়ি। পুরো এলাকায় এত বড়, এত জাঁকজমকপূর্ণ বিল্ডিং আর একটিও ছিল না। আসা-যাওয়ার পথে খেয়াল করলাম, সেই বিশাল বাড়ির ছাদের ওপর কয়েকজন নারী দাঁড়িয়ে ধান ওড়াচ্ছেন। ধান থেকে চিটা আলাদা করার সেই চিরচেনা দৃশ্য। আমার ভেতরের কৌতূহলী শিশুমন আর শান্ত থাকল না। বাবার হাত চেপে ধরে জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা আব্বা, ওরা অত ওপরে উঠল কিভাবে?’ বাবা স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, ‘কেন, সিঁড়ি ডিঙিয়ে।’

সিঁড়ি? সেটি আবার কেমন জিনিস? কৌতূহল যেন এবার আকাশ ছুঁলো। বায়না ধরলাম, ‘আব্বা, আমি ওই সিঁড়ি দেখতে চাই। এখনই দেখব।’ বাবা কিছুটা তাড়া দিয়ে বললেন, ‘এখন তো সময় কম রে, বাবা। বাজারে যেতে হবে। অন্য একদিন দেখাব।’ কিন্তু অবুঝ মন কি আর সময়ের হিসাব বোঝে? বাবার মুখের ‘না’ শুনে আমার অভিমানী মন চট করে বিগড়ে গেল। এক পা-ও নড়ব না বলে জেদ ধরলাম। গত্যন্তর না পেয়ে তিনি নরম হলেন। নিজে বাড়ির বাইরে রাস্তার ধারে অপেক্ষা করে আমাকে ভেতরে পাঠালেন সেই কাঙ্ক্ষিত ‘সিঁড়ি’ দেখতে। মহা আনন্দে বাড়ির ভেতরে ঢুকলাম। কিন্তু এদিক-ওদিক তাকিয়ে কোথাও রাজকীয় বা জাদুকরী সিঁড়ি দেখলাম না। দেখলাম, বাঁশের তৈরি একটি মই! সেই মই বেয়েই লোকজন ওঠানামা করছে। হতাশ হয়ে বাবার কাছে ছুটে এলাম। ক্ষোভের সুরে বললাম, ‘আব্বা, আপনি তো মিছে কথা বললেন! ভেতরে কোনো সিঁড়িটিড়ি নেই। ওটা তো একটি মই!’ বাবা হো হো করে হেসে উঠলেন। তারপর আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, ‘পাগল ছেলে, মইয়ের অপর নামই তো সিঁড়ি!’ আজ হয়তো কত আধুনিক, কত সুন্দর সিঁড়ি দেখি, কিন্তু শৈশবের সেই ‘বাঁশের মই’ আর বাবার মায়াবী হাসিটার চেয়ে আর কিছুই সুন্দর মনে হয় না।

প্রাপক আমার বাবা

তাঁর প্রিয় মাছের মাথা

তাঁর প্রিয় মাছের মাথা
চিত্রকর্ম : সাইকেল, বাবা আর আমি। শিল্পী : সমর মজুমদার

একবার গ্রাম থেকে আম্মা ও আব্বা আমার বাসায় এলেন। আমার স্ত্রী মিথিলার তখন টাইফয়েড। ভাইয়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে। মেয়ের অসুস্থতার খবর পেয়ে আমার শাশুড়ি এসেছিলেন আগেই। মিথিলা বিছানায়। ঘরের সবকিছু এলোমেলো। আম্মা আর শাশুড়ি এটা-ওটা খুঁজে সকালের রান্নাবান্না চালিয়ে নেন। দুপুরে শাশুড়ি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করলেন।

আম্মা ও আব্বা দুপুরে খেতে বসেছেন। শাশুড়ি আপ্যায়ন করছেন। আব্বার পাতে ইলিশ মাছের মাথাটা দিলেন। ‘না না, দাঁত নেই। খেতে পারব না’ বললেও আমার শাশুড়ি জোর করলেন। আম্মাও সাপোর্ট করে বললেন, ‘খান তাইলে। আপনে তো মাথা পছন্দ করেন।’

শুনে আব্বা হঠাৎ আপ্লুত হয়ে পড়লেন। একান্নবর্তী সংসারে মাছের মাথা তাঁর ভাগ্যে সব সময় জুটত না। আব্বার চোখে জল। কান্নাভেজা কণ্ঠে আমার শাশুড়িকে বললেন, ‘জানেন আপা, আমি আমার সন্তানদের কখনোই বড় মাছ খাওয়াইতে পারি নাই। ভাঙা মাছের কাঁটাকুটা—পাতে যা দিছে, তা-ই খাইছে। কোনো সময় ওরা এইটা নিয়া মন খারাপ করে নাই। আর আজ দেখেন, আমার ছেলে আমারে বড় মাছের মাথা খেতে দেয়!’ আমার শাশুড়ি ও আম্মার চোখেও জল। আব্বা খাবার রেখে দুই হাত তুলে বললেন, ‘আল্লাহ, আমার সন্তানরে আরো অনেক বেশি দিয়ো।’ সেবার তাঁরা আমার বাসায় এক রাত ছিলেন। পরদিন সকালে ভাইয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন।

আব্বা একসময় ক্যান্সারের সঙ্গে লড়াই করে পৃথিবী ছাড়লেন। এখনো বড় মাছ আনলে আব্বার কথা মনে পড়ে। আহা, মাছের মাথাটা যদি আব্বার পাতে দিতে পারতাম!

সালাহ উদ্দিন মাহমুদ

ঢাকা

বিনামূল্যে আড়াই হাজার অস্ত্রোপচার

এবার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেলেন সেই চিকিৎসক

পিন্টু রঞ্জন অর্ক
এবার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেলেন সেই চিকিৎসক
‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ গ্রহণ করছেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ

লক্ষ্মীপুরের সন্তান ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। অর্থোপেডিক সার্জারি বিভাগের এই সহযোগী অধ্যাপক এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত আছেন। বেশ কয়েক বছর ধরে সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় আড়াই হাজার ব্যক্তির অস্ত্রোপচার করেছেন। সবই বিনা পারিশ্রমিকে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক তিনি। সদস্যসচিব ডা. পারভেজ রেজা কাকন। ডা. আমানের দলে আরো ছিলেন অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. এম আর হাসান, ডা. সাজিদ, ডা. শাওন রহমান, ডা. রাকিবুজ্জামান, ডা. আয়াজ, ডা. মীর রাশেক আলম অভি, ডা. কামরুজ্জামান প্রমুখ। প্রথম দিকে কলাবাগানের একটি হাসপাতালে অস্ত্রোপচার করতেন তাঁরা। পরে করেছেন শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচারগুলো করতেন হয় গভীর রাতে, নয়তো খুব ভোরে। খুবই সাধারণভাবে হাসপাতালে ঢুকতেন। মোবাইল রেখে যেতেন অন্য কোথাও। কাজ শেষে একেকজন একেকভাবে বেরিয়ে পড়তেন। ২০২৪ সালের আগস্টের আগেও তাঁরা কাজ করেছেন পরিচয় লুকিয়ে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করতেন ডা. ফরহাদ হালিম ডোনার। তাঁদের এই কাজ নিয়ে গত ৫ মে সচিত্র প্রতিবেদন ছাপা হয় কালের কণ্ঠের অবসরে পাতায়। শিরোনাম ‘বিনামূল্যে আড়াই হাজার অস্ত্রোপাচার’। এবার ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। স্বাস্থ্য খাতে অসামান্য অবদান ও মানবিক সেবার আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২৪ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বলেন, ‘এটি আমাদের কাজের স্বীকৃতি। পুলিশি হয়রানির ভয়ে চাইলেই যেকোনো হাসপাতালে এসব আহত লোকের চিকিৎসা করা সম্ভব ছিল না। তবু আমরা হাল ছাড়িনি। এই মানবিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অনুপ্রেরণা ও সমর্থন আমাদের সাহস জুগিয়েছে। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে। আমাদের কথা তুলে ধরায় কালের কণ্ঠকে ধন্যবাদ।’

 

এবার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেলেন সেই চিকিৎসক

৫ মে ২০২৬ অবসরের সেই প্রতিবেদন

 

এবার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেলেন সেই চিকিৎসক

ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে কাজ করেছেন এই চিকিৎসকরা