প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। আর গতকাল সোমবার আবেদন জমার প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। তবে আগের মতো অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা ছিল না। নতুন স্লটভিত্তিক ব্যবস্থায় আবেদন গ্রহণ করায় প্রক্রিয়াটি ছিল তুলনামূলক সুশৃঙ্খল। আবার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবেদনকারীরা।
গত রবিবার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার পর গতকাল আইভ্যাক কেন্দ্রে আবেদনপত্র ও পাসপোর্ট জমা নেওয়া শুরু হয়। প্রথম দিন থেকেই ভিসাপ্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
যমুনা ফিউচার পার্কের আইভ্যাক কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন। আবেদনকারীরা জানান, নির্দিষ্টসংখ্যক স্লট বরাদ্দ দেওয়ায় শুধু যাঁদের স্লট নিশ্চিত হয়েছে, তাঁরাই আবেদন জমা দিতে আসছেন। ফলে অযথা ভিড় ও ভোগান্তি অনেকটাই কমেছে।
আবেদন জমা দিতে আসা তাসিনুল ইসলাম বলেন, ‘দুই বছর আগের মতো অবস্থা এখন আর নেই। এখন স্লট লিমিটেড। আগে যমুনার মেইন রোড পর্যন্ত সিরিয়াল চলে যেত। তবে আজ আনুমানিক এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০টি স্লট দেওয়া হয়েছে। এ জন্য আগের মতো বিশৃঙ্খলা হয়নি।’
জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এসব কেন্দ্রেও আবেদনকারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

