কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রবিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড জানায়, নাফ নদ ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদসংলগ্ন সীমান্ত অঞ্চলে একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুদ করে রেখেছে।

