• ই-পেপার

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, স্পেনে প্রাণ হারাল ৩২৭ জন

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

সাত জেলায় বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুশিয়ারা ও তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর প্রভাবে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্রমেই এসব এলাকার নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এর মধ্যে তিন বিভাগে ভারি বৃষ্টিপাত ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের আট জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে, সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, কুশিয়ারা নদী মৌলভীবাজার পয়েন্টে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছিল। এসব নদীর পানি আরো বাড়তে পারে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন  নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন কালের কণ্ঠকে বলেন, সিলেটে ভারি বৃষ্টি ও উজানের ভারি বর্ষণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, সৈয়দপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকবে।

গতকাল রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতেও তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ রংপুরের রাজারহাটে বৃষ্টি হয় ৫২ মিলিমিটার।

পাহাড়ি ফলের মেলা

পাহাড়ি ফলের মেলা
রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে পাহাড়ি ফলের মেলা। ছবি : কালের কণ্ঠ

আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উপস্থাপনের আহবান বিরোধী নেতার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সব চুক্তি সংসদে উপস্থাপনের আহবান বিরোধী নেতার
শফিকুর রহমান

অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি ও সমঝোতা স্মারক জাতীয় সংসদে উপস্থাপনের আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের আস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আনা উচিত।

গতকাল শনিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা উচিত। কারণ, সংসদ সদস্যরাই দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধি। তাঁরা যখন এসব বিষয়ে অবহিত থাকবেন, তখন সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থাও বাড়বে। এতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ আরো শক্তিশালী হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্থাপিত প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতির বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে। বিরোধী দল হিসেবে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

তিনি বলেন, সংসদই রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সরকারি দল যেমন বিরোধী দলকে যথাযথ সম্মান দেবে, তেমনি বিরোধী দলেরও দায়িত্ব থাকবে গঠনমূলক ভূমিকা রেখে দেশ গঠনে অবদান রাখা। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হতে হবে। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যেকোনো চুক্তি বা সমঝোতা হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশ যেমন অন্য কোনো দেশের ক্ষতি করতে চায় না, তেমনি নিজের স্বার্থও ক্ষুণ্ন হতে দিতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর অর্থনীতির দেশ। রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি। তৈরি পোশাক ও বৈদেশিক কর্মসংস্থানের বাইরে নতুন নতুন খাত সৃষ্টি করে রপ্তানি বহুমুখীকরণ জরুরি। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন। প্রধানমন্ত্রী সফরকালে এসব বিষয় গুরুত্ব দিয়েই আলোচনা করেছেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সরকারের সফলতা কামনার পাশাপাশি ধন্যবাদ প্রস্তাবের প্রতি ফের সমর্থন জানান বিরোধীদলীয় নেতা।

মক্তব শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
মক্তব শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন কারাগারে
মনির হোসেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মক্তবে পড়তে গিয়ে সাত বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিন ও মক্তব শিক্ষক মনির হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া জামে মসজিদ মক্তবে শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে। স্থানীয়রা  অভিযুক্তকে আটক করে রাতে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্ত মনির একই এলাকার মিলন মিয়ার ছেলে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব।

শিশুটির পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার বিকেলে ওই মক্তবে পড়তে যায় শিশুটি। সন্ধ্যায় পড়ানো শেষে সব বাচ্চাকে ছেড়ে দিয়ে সাত বছর বয়সী ওই ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকান অভিযুক্ত মুয়াজ্জিন। অভিযোগ পাওয়া যায়, পরে তিনি তাকে ধর্ষণ করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে শিশুর স্বজনরা জানতে পেরে এলাকাবাসীকে জানান। তাঁরা মুয়াজ্জিনের এই বর্বর আচরণে উত্তেজিত হয়ে মক্তবে গিয়ে তাঁকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ওই সময় এলাকাবাসী মনিরের শাস্তির দাবিতে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।