মুসলিম সমাজে নিত্য ব্যবহৃত শব্দযুগল ইনশাআল্লাহ জনপ্রিয় হচ্ছে পশ্চিমা সমাজেও। আরবি ইনশাআল্লাহ শব্দযুগল মূলত ইনশা ও আল্লাহ শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। যার অর্থ যদি আল্লাহ চান (তবে হবে)। সম্প্রতি মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে ইনশাআল্লাহ বলেন। সেই সাক্ষাৎকারের একটি শর্ট ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ তাঁর ভালোবাসা ও সহানুভূতি জানায়। তাঁর আগে স্টিং ও লিন্ডসে লোহানও ইনশাআল্লাহ বলে আলোচনায় এসেছিলেন। শুধু পশ্চিমা বিশ্বের তারকারা নন, বরং পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের ভেতরও শব্দটি জনপ্রিয় হয়ে উঠছে।
জিডেল্ট গ্লোবাল নিউজ ডেটা বেইসের ওপর ভিত্তি করে দ্য ন্যাশনালের বিশ্লেষণে দেখা গেছে, ২০১৭ সালের পর ইংরেজিভাষি সংবাদমাধ্যমে ইনশাআল্লাহর ব্যবহার তিন গুণ বৃদ্ধি পেয়েছে। শব্দটির ব্যবহার পশ্চিমা সমাজে আগেও ছিল। তবে ২০১৬ সালে শিল্পী স্টিংয়ের ইনশাআল্লাহ গানের পর শব্দটি পশ্চিমা সমাজ ও সংস্কৃতিতে দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে, ইংরেজিভাষি মূলধারার মাধ্যমেও তা স্থান করে নেয়।
জিডেল্ট সারা বিশ্বের হাজার হাজার অনলাইন, প্রিন্ট পত্রিকা, রেডিও-টেলিভিশনের ভাষা পর্যবেক্ষণ করে। ফলে তারা সহজেই চিহ্নিত করতে পারে একটি শব্দ কিভাবে মিডিয়ায় প্রবেশ করে এবং তা ছড়িয়ে পড়ে। সংস্থাটির তথ্য মতে, ইনশাআল্লাহ শব্দটি ধীরে ধীরে ইংরেজি ভাষার শব্দভাণ্ডারের অংশ হয়েছে। শুধু সংবাদমাধ্যমে নয়, বরং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও ইনশাআল্লাহ শব্দের জনপ্রিয়তা লক্ষণীয়। গুগল সার্চ ট্রেন্ডে দেখা গেছে, গত পাঁচ বছরে meaning inshallah (ইনশাআল্লাহর অর্থ)-এর অনুসন্ধান ১৩০ শতাংশ বেড়েছে। translate inshallah from Arabic-এর অনুসন্ধান ৭০০ শতাংশ বেড়েছে এবং mashallah vs inshallah-এর অনুসন্ধান বেড়েছে ১৮০০ শতাংশ। এই পরিসংখ্যান ইংরেজিভাষি মানুষের কৌতূহল বৃদ্ধির প্রমাণ।
সংবাদমাধ্যমে ‘ইনশাআল্লাহ’ শব্দটির ব্যবহারে প্রথম উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যায় ২০১৭ সালে। তখন অভিনেত্রী লিন্ডসে লোহান ইনস্টাগ্রামে ইনশাআল্লাহ লিখে একটি পোস্ট করেছিলেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করেছেন কি না তা নিয়েও ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয় এবং সংবাদমাধ্যমে শব্দটির ব্যবহার বেড়ে যায়।
দুই বছর পর ইলহান ওমর ও রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী সদস্য হন। এর ফলে মার্কিন রাজনৈতিক সংবাদে আরবি ও ইসলামী পরিভাষার ব্যবহার আগের তুলনায় অনেক বেশি দেখা যেতে থাকে। এরপর ২০২০ সালে আবারও শব্দটির ব্যবহার বৃদ্ধি পায়। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেন। এর ফলে মার্কিন সংবাদমাধ্যমে শব্দটি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হলে পশ্চিমা বিশ্বের বহু মানুষ গাজার বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট নির্মাতাদের অনুসরণ করতে থাকেন। এর ফলে ‘ইনশাআল্লাহ’ শব্দটি আরো পরিচিত হয়ে ওঠে। চলতি বছর অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের একটি সাক্ষাৎকারে ইনশাআল্লাহ বলায় তা নতুন করে আলোচনায় আসে ও এর ব্যবহার বেড়ে যায়।
অভিধানে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অনেক আগেই অনেক শব্দ সীমান্ত অতিক্রম করে মানুষের দৈনন্দিন ভাষায় প্রবেশ করে। সংবাদমাধ্যম, অভিবাসন, বিনোদনজগৎ ও সামাজিক ধর্মের মাধ্যমে সেগুলো ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। বর্তমানে ‘ইনশাআল্লাহ’, ‘হাবিবি’ ও ‘মাশাআল্লাহ’র মতো আরবি অভিব্যক্তি ইংরেজি কথোপকথনেও ক্রমেই অনুবাদ ছাড়াই ব্যবহৃত হচ্ছে।
-দ্য ন্যাশনাল অবলম্বনে