• ই-পেপার

জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়

কোরআন থেকে শিক্ষা

পর্ব ১১৬৬

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

‘তারা যে জনপদ থেকে তোমাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল; আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের সাহায্যকারী কেউ ছিল না।...মুত্তাকিরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে?’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ১৩-১৫)

আয়াতগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

শিক্ষা ও বিধান

১. মক্কার মুশরিকদের দুর্ভাগ্য হলো তারা সর্বশ্রেষ্ঠ রাসুল পেয়েও তাঁর বিরোধিতা করেছে। আর তাদের সৌভাগ্য হলো তারা রহমতের নবীর অসিলায় আসমানি শাস্তি থেকে রক্ষা পেয়েছে।

২. আয়াত দ্বারা সাধারণ মানুষের ওপর আলেমদের সর্বজনীন মর্যাদা প্রমাণিত হয়।

৩. ইলম তথা ধর্মীয় জ্ঞান মানুষকে আল্লাহর পরিচয় লাভ, শরিয়তের আনুসরণ, পাপ ও প্রবৃত্তির আনুগত্য পরিহারে সাহায্য করে।

৪. আল্লাহ নমুনা হিসেবে কিছু জান্নাতি খাবার দুনিয়ায়ও রেখেছেন। যেমন—দুধ ও মধু। পার্থক্য হলো দুনিয়ার খাবারের স্বাদ. গুণ ও বৈশিষ্ট্য নষ্ট ও পরিবর্তন হয়, কিন্তু জান্নাতি খাবারের স্বাদ ও গুণ সব সময় অটুট থাকে।

৫. হাদিসে এসেছে, আল্লাহ জান্নাতিদের উদ্দেশে বলবেন, ‘আমি তোমাদের জন্য আমার চিরস্থায়ী সন্তুষ্টি ঘোষণা করছি। আমি আর কখনো তোমাদের প্রতি ক্ষুব্ধ হবো না।’

  (তাফসিরে সাদি, পৃষ্ঠা-৭৮৬)

 

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

খাঁচায় পাখি পালন

 

প্রশ্ন : খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করার বিধান কী?

নাজিমুদ্দিন মোল্লা, মেহেরপুর

উত্তর : খাঁচাবন্দি করে পাখি লালন-পালন করা জায়েজ আছে। তবে তা যত্ন সহকারে রাখতে হবে। যেন ক্ষুধা-পিপাসায় কষ্ট না পায়। (আবু দাউদ, হাদিস : ৪৯৬৯, ফাতহুল বারী : ১/৭১৫, রদ্দুল মুহতার : ৬/৪০১)

 

হাদিসের আলো

প্রবৃত্তি জান্নাত লাভের অন্তরায়

প্রবৃত্তি জান্নাত লাভের অন্তরায়

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জাহান্নামকে মনোলোভা জিনিসগুলো দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মগুলো দ্বারা।’

(বুখারি, হাদিস : ৬৪৮৭)

শিক্ষা

হাদিসবিশারদরা বলেন,

১. প্রবৃত্তি পরকালীন পুরস্কার লাভের অন্তরায় আর জাহান্নামের পথে সহায়ক।

২. আল্লাহর কাছে সংরক্ষিত পুরস্কার লাভে নেক কাজে আত্মনিয়োগ ও প্রবৃত্তি দমন করা আবশ্যক।

৩. জাহান্নামকে মনোলোভা বিষয় দ্বারা ঘিরে দেওয়ার ব্যাখ্যা হলো পার্থিব জীবনের মোহ ও আকাঙ্ক্ষাগুলো মানুষের অন্তর থেকে জাহান্নামের ভয় দূর করে দেয়।

৪. দুনিয়ায় জান্নাত লাভের কাজগুলোকে কখনো কখনো কষ্টকর ও কঠিন বলেই মনে হয়।

৫. কষ্টকর কয়েকটি বিষয় হলো ইবাদতগুলো যত্নের সঙ্গে আদায় করা, পাপাচার পরিহার করা, রাগ দমন করা, ক্ষমা-সহনশীলতা প্রদর্শন করা, উপার্জনের টাকা দান করা, মন্দের পরিবর্তে ভালো করা।

(মাউসুয়াতুল হাদিসিয়্যা)

 

 

মালয়েশিয়ার ইসলাম উন্নয়ন বিভাগ

ধর্মীয় বই প্রকাশে আরো সতর্ক হওয়ার আহবান

নিহার মামদুহ
ধর্মীয় বই প্রকাশে আরো সতর্ক হওয়ার আহবান

মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট (জাকিম) দেশটির ন্যাশনাল বুক কাউন্সিল অব মালয়েশিয়াকে ধর্মীয় বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকদের প্রতি নিয়মিত সতর্কবার্তা দেওয়ার আহবান জানিয়েছে, বিশেষ করে যেসব ধর্মীয় গ্রন্থে পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণী উদ্ধৃত করা হয়, সেগুলো প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

জাকিমের মহাপরিচালক দাতুক ড. সিরাজউদ্দিন সুহাইমি আজ এক বিবৃতিতে বলেন, ধর্মীয় বইয়ের প্রকাশকরা যাতে ইসলামের বিধান ও প্রয়োজনীয় শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করেন, সে জন্য জাকিম সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর ইসলামী ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব রচিত একটি ধর্মীয় বইয়ে বিভিন্ন ধরনের তথ্যগত ও ধর্মীয় অসংগতি ধরা পড়ার পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে জাকিম এ বিবৃতি দিয়েছে।

ড. সিরাজউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের (ধর্মবিষয়ক) মন্ত্রী দাতুক ড. মোহদ নাঈম মোকতারের দৃঢ় অবস্থানকে জাকিম পূর্ণ সমর্থন জানায়। মন্ত্রী বলেছেন, প্রকাশকদের অবশ্যই ইসলামের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে এবং ধর্মীয় বই প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করাতে হবে।

তিনি আরো বলেন, প্রত্যেক লেখককে তাঁর বইয়ের বিষয়বস্তুর পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। একই সঙ্গে ধর্মীয় বইয়ের প্রকাশকদের উচিত প্রকাশের আগে বইয়ের সব ধর্মীয় বিষয়বস্তু পর্যালোচনার জন্য ইসলামী শিক্ষায় পারদর্শী, যোগ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া, যাতে প্রকাশিত গ্রন্থে কোনো ধরনের ভুল বা অসংগতি না থাকে।

সূত্র : বারনামা ডটকম