• ই-পেপার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

নাঈমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি বিসিবির

ক্রীড়া ডেস্ক
নাঈমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি বিসিবির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের দ্বারা হয়রানি ও নির্যাতনের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি বলেছে, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বোর্ড। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।

বিবৃতিতে বিসিবি আরো জানায়, খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?

ক্রীড়া ডেস্ক
গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
ছবি : রয়টার্স

আর্জেন্টিনা শিবিরের জন্য বড় স্বস্তি। সব শঙ্কা উড়িয়ে অবশেষে দুই হাতে গ্লাভস পরে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আঙুলের চোট কাটিয়ে তার এই প্রত্যাবর্তন আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে কোচ লিওনেল স্কালোনির মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্ম-আপের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচারের (হাড় ফাটল) শিকার হন এই অ্যাস্টন ভিলা তারকা। চোট নিয়েই অবশ্য সেদিন ক্লাবের হয়ে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতেছিলেন তিনি।

এরপর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। চোটের শুরুর দিকে ডানহাতে স্প্লিন্ট পরে এক হাতে গ্লাভস গলিয়ে অনুশীলন চালিয়ে যান এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে গত বৃহস্পতিবার সব জড়তা কাটিয়ে চোটাক্রান্ত হাতেও গ্লাভস পরে পুর্ণাঙ্গ সেশন শেষ করেছেন তিনি।

চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচ দুটিতে পোস্টের নিচে দাঁড়াতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা। তবে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাকে শুরুর একাদশে দেখা যাবে বলে শতভাগ নিশ্চিত দলের মেডিকেল টিম।

অ্যাস্টন ভিলার হয়ে সদ্য সমাপ্ত মৌসুমটা দুর্দান্ত কেটেছে মার্তিনেসের। তার অতিমানবীয় পারফরম্যান্সে ভর করেই ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করেছে ভিলা। জায়গা করে নিয়েছেন ইউরোপা লিগের মৌসুমসেরা দলেও। 

২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এই গোলরক্ষক জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। এরপর ২০২৪ সালের কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস নিজের করে নিয়েছিলেন তিনি। এবার আরও একটি বৈশ্বিক মঞ্চে আর্জেন্টিনার দুর্গ সামলাতে প্রস্তুত ‘দিবু’। 

ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক
ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন
ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমে দারুণ সময় পার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সেলোনার হয়েও ছন্দে ছিলেন রাফিনিয়া। ক্লাব ফুটবলে এই দুই ব্রাজিলিয়ান বরাবরই প্রতিপক্ষের জন্য হুমকির; কিন্তু জাতীয় দলে এলে যেন নিজেদের হারিয়ে খোঁজেন তাঁরা। সর্বশেষ ২০২৪ সালে কোপা আমেরিকায় নিজেদের ছায়া হয়ে ছিলেন দুজনই। বিশ্বকাপ বাছাইয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আরেকটি বিশ্বকাপের বাঁশি যখন বেজেছে তখন আরো একবার আলোচনায় ভিনি-রাফিনিয়ারা।

এবার কি সেরা ছন্দে দেখা যাবে তাঁদের, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রবিবার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে হেক্সা মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। মরক্কোর সুসংগঠিত রক্ষণ ভাঙতে হলে ভিনি-রাফিনিয়াকেই দায়িত্ব নিতে হবে। সঙ্গে মাতেয়াস কুনিয়া, ইগোর থিয়াগো, এনদ্রিকদেরও হতে হবে ভীষণ কার্যকর। ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিলের এই আক্রমণভাগ এবারের আসরের অন্যতম সেরা।

পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন নেইমার। এ কারণে গত কয়েক দিন নিউজার্সির মরিসটাউনে ব্রাজিলের অনুশীলনে দেখা মেলেনি এই অভিজ্ঞ ফরোয়ার্ডের। মরক্কো ম্যাচে তাই নেইমারকে ছাড়াই আক্রমণভাগ সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলোত্তিকে। নেইমার না থাকায় ভিনি ও রাফিনিয়ার দিকেই থাকছে সব নজর। দুজনই ক্লাব ফুটবলে পরীক্ষিত। নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুসের ওপরই চাপটা থাকবে বেশি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করেছেন। এক ডজনের মতো অ্যাসিস্টও আছে তাঁর। গতি, ড্রিবলিং ও ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা আছে তাঁর। তবে জাতীয় দলের হয়ে এখনো সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। সেলেসাও জার্সিতে ৪৯ ম্যাচে গোল করেছেন মাত্র ৯টি! এত কম গোল করা নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে ভিনিকে।

রাফিনিয়ার গল্পটাও অভিন্ন। বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম সেরা তিনিই। কিন্তু ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলে টেনে আনতে পারেননি। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে কিংবা সেট-পিসে তাঁর দক্ষতা ব্রাজিলের জন্য বড় অস্ত্র হতে পারে। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন নাম্বার নাইন হিসেবে প্রথম পছন্দ মাতেয়াস কুনিয়া। ইউরোপিয়ান ফুটবলে নিজেকে কার্যকর স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন তিনি। সামনে থেকে প্রেসিং, বল ধরে রাখা এবং সতীর্থদের খেলায় যুক্ত করার ক্ষেত্রে কুনিয়া ব্রাজিলের আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। বিকল্প স্ট্রাইকার হিসেবে কার্যকর হতে পারেন ইগোর থিয়াগো ও এনদ্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২২ গোল করে হৈচৈ ফেলে দেন থিয়াগো। একের পর এক গোল করে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের সঙ্গে সমান তালে লড়েছেন ব্রাজিলের এই স্ট্রাইকার। আর রিয়াল ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব লিওনে গিয়ে নিজের জাত চেনান এনদ্রিক। তাঁর গতি, আত্মবিশ্বাস ও গোলের ক্ষুধা যেকোনো সময় পার্থক্য গড়ে দিতে পারে। কার্লো আনচেলোত্তিও এনদ্রিককে নিয়ে ভীষণ আশাবাদী।

মরক্কোর সবচেয়ে শক্তির জায়গা রক্ষণ। ২০২২ বিশ্বকাপে তারা সেমিফাইনালে ওঠার পথে শক্তিশালী দলগুলোকেও ভুগিয়েছিল নিজেদের রক্ষণের শক্তি দিয়ে। তাই মরক্কো-বাধা পেরোতে হলে ভিনি-রাফিনিয়া-কুনিয়াদের আরো নিখুঁত হতে হবে। ক্লাব ফুটবলের ফর্ম জাতীয় দলের জার্সিতে টেনে আনতে পারলে ব্রাজিলকে পথ দেখাতে পারেন তাঁরাই।

ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা কোয়াবের

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা কোয়াবের
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ছবি : সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসনের ওপর পুলিশের শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে সাভার থেকে নিজ বাড়ি চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের মুখোমুখি হন নাঈম হাসান।

কোয়াবের দাবি, পুলিশ শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করে। একপর্যায়ে নাঈম কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয়। আশপাশের লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পুলিশ তাকে পাইপ দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, পরে নাঈমকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সাহায্যের জন্য ফোন করার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কোয়াব বলেছে, দেশের যেকোনো নাগরিকের সঙ্গে এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ন্যায়বিচারের স্বার্থে ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতোমধ্যে নাঈম হাসানের সঙ্গে কথা বলেছেন। তিনি নাঈমকে আশ্বস্ত করেছেন যে দেশের সব ক্রিকেটার তার পাশে রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কোয়াব।