• ই-পেপার

প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এই ক্রিকেটার।

জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিমানযোগে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে লালখানবাজার এলাকায় তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।

নাঈম অভিযোগ করেন, একপর্যায়ে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি ও পুলিশের সদস্যরা তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলতে চান। তিনি পরিচয় দেওয়ার পরও শারীরিকভাবে হেনস্তা ও মারধরের শিকার হন বলে দাবি করেন।

চট্টগ্রামের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত নাঈম বলেন, তিনি পুলিশকে ব্যাগ তল্লাশির অনুমতি দিয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তার গলা চেপে ধরা হয় এবং পরে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

নাঈমের দাবি, পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়। সেখানে তিনি পরিবারের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে কথা হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস পান।

এদিকে ঘটনাটির বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম বলেছেন, নাঈম হাসান ন্যায়বিচার পাবেন এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘উনি (নাঈম হাসান) ন্যায় বিচার পাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। কারণ এটার সঙ্গে পুলিশের ইমেজ জড়িত। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে কাজ করতেছি। বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই টলারেট করব না ‘

ডিসি আমিরুল ইসলাম আরও জানান, এখানে চোরাচালান সংক্রান্ত তথ্য আছে। যেটা আপনারা শুনেছেন, তথ্যের উৎসটাও জেনেছেন, এটি ভেরিফাই করা হবে। সেই তথ্যের ভিত্তিতে উনারা (পুলিশ) গিয়েছেন এবং যাওয়ার প্রক্রিয়াটুকু যথাযথ নিয়ম অনুসারে হয়েছে কি না সেটা আমরা যাচাই-বাছাই করে দেখব।’

তিনি বলেন, ‘পুলিশিং প্রক্রিয়ায় কাউকে মারধরের সুযোগ নেই। পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ছবি : রয়টার্স

স্বাগতিক হিসেবে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করেই নিজেদের শক্তির জানান দিল যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মার্কিনরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩১ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন বালোগুন। মালিক টিলম্যানের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মার্কিনরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। তবে ৭৩ মিনিটে হুলিও এনসিসোর পাস থেকে গোল করে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মৌরিসিও। এতে কিছুটা আশা জাগলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।

বরং যোগ করা সময়ের অষ্টম মিনিটে জিওভানি রেইনার গোল যুক্তরাষ্ট্রের জয়কে আরো বড় করে তোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের ফলে বিশ্বকাপের শুরুতেই গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল যুক্তরাষ্ট্র। 

মরক্কোর বিপক্ষে কি খেলবেন নেইমার

ক্রীড়া ডেস্ক
মরক্কোর বিপক্ষে কি খেলবেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি : রয়টার্স

চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ব্রাজিলকে।

আগামীকাল রবিবার ভোর ৪টায় মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কার্লো আনচেলত্তির দল। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা ব্রাজিলের জন্য উদ্বোধনী ম্যাচে নেইমারের অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পায়ের মাংসপেশির চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন নেইমার। এ কারণে গত কয়েক দিন জাতীয় দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি। ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে তার অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ছাড়াই আক্রমণভাগ সাজাতে হচ্ছে।

ব্রাজিলের কোচ আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, মরক্কোর বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচে নেইমার খেলবেন না। তবে তিনি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং শিগগিরই দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহেই সে পুরোপুরি ফিট হয়ে আবার দলে যোগ দেবে।’

ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। চোট নিয়ে শঙ্কা থাকলেও নানা আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত তাঁকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন আনচেলোত্তি।

গত ৮ জুন ব্রাজিল দলের মেডিক্যাল বিভাগ জানায়, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে। যদিও মরক্কোর বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না, তবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাকে মাঠে দেখার আশা করছে ব্রাজিল শিবির।

বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এই দুই ম্যাচের যেকোনো একটিতে নেইমারের প্রত্যাবর্তন হতে পারে বলে আশাবাদী দলটির কোচিং স্টাফ। 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের রেকর্ড, পাত্তাই পেল না শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের রেকর্ড, পাত্তাই পেল না শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর চার্লি ডিনের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

ছবিতে যেহেতু নারী ক্রিকেটারদের দেখতে পাচ্ছেন, তাই মনে করার কারণ নেই যে এটা কোন উদ্বোধনী ম্যাচ।

আসলে ফুটবল বিশ্বকাপ শুরু হলে বিশ্বজুড়ে এমন উন্মাদনা তৈরি হয় যে অন্য খেলার খুব একটা গুরুত্ব থাকে না; সেটা যত বড় টুর্নামেন্টই হোক না কেন।

এই যেমন, গতকাল শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আজ থেকে শুরু হওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই অনেকটাই আড়ালে চলে গেছে। 

তবে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ড নারী দল যা করেছে, তাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে না হোক; ক্রিকেটাঙ্গনে শোরগোল ফেলেছে। 

বার্মিংহামের এজবাস্টনে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ১ উইকেটে ২১৯ রান করেছে ইংল্যান্ড, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ। 

ইংলিশ মেয়েরা আজ নিজেদের রেকর্ডই ভেঙেছে। এর আগের সর্বোচ্চও ছিল তাদের। ২০২৩ আসরে পাকিস্তানের বিপক্ষে করেছিল ৫ উইকেটে ২১৩ রান। 

শ্রীলঙ্কাকে রেকর্ড লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ দেওয়ার পরই নিশ্চিত হয়েছে ম্যাচটা একপেশে হতে চলেছে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। লঙ্কান মেয়েরা অলআউট হয়েছে ১৩২ রানে। ৮৭ রানের বিশাল জয়ে আসরে শুভ সূচনা করেছে স্বাগতিকরা। 

Century
ড্যানি ওয়াটের সেঞ্চুরি উদযাপন। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের রান পাহাড়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অ্যামি জোন্স ও ড্যানি ওয়াট। জোন্স ৫৩ রানে ফিরলেও ওয়াট পেয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক নাটালি সিভার অপরাজিত ছিলেন ৪৬ রানে। ম্যাচসেরার পুরস্কার ওয়াটের হাতেই উঠেছে।

লক্ষ্য তাড়ায় নিয়মিত উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দলটি কোনো বড় জুটি গড়তে পারেনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরেছিল ইংলিশরা। 
ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ফ্রেইয়া কেম্প। সোফি একলেস্টোন ও চার্লি ডিনের শিকার দুটি করে।  

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৯/১ (ওয়াট ১০৫*, জোন্স ৫৩, সিভার ৪৬*; মাদারা ১/৫১)।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২ অলআউট (নিলাকশিকা ৩৯, সামারাবিক্রমা ২৯; কেম্প ৪/২২, ডিন ২/১৮, একলেস্টোন ২/২৭)।
ফল: ইংল্যান্ড ৮৭ রানে জয়ী।
ম্যাচসেরা: ড্যানি ওয়াট (ইংল্যান্ড)।