ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামের এক কিশোরী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। নিখোঁজ নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের টাঙ্গন নদীতে গোসল করতে যায় নাঈম ও নাফিসা। এ সময় নদীর তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালান। একপর্যায়ে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিখোঁজ নাফিসাকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’




