গাজীপুরের টঙ্গীতে মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান (৫৪) নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টঙ্গীর নামাবাজার বস্তিতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কামরুজ্জামান পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলা গনিয়া গ্রামের বাসিন্দা। তিনি নামাবাজার বস্তির আসহাবে সুবফা ইসলামিয়া নূরানী মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক কামরুজ্জামান একই মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে ডেকে একটি দোকানের ভেতরের রুমে নিয়ে বসান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করে দোকান থেকে বেরিয়ে যায়। পরে বাসায় ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার এক শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’




