আওয়ামী লীগের অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার ও গাঙ্গিনাপাড় মোড় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘আমরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন করতে চাই। কিন্তু আওয়ামী লীগ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। তাদের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতা মোকাবেলায় বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।’
তিনি আরো বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে।
বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাঁর নেতৃত্ব ও উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। তবে একটি মহল নানা ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ।
এ সময় বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, কায়কোবাদ মামুন, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




