• ই-পেপার

নিজের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে আপত্তি এলজিআরডি প্রতিমন্ত্রীর

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি ও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না : স্বাস্থ্য সচিব

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি
স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি ও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না : স্বাস্থ্য সচিব
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সঙ্গে কোনো ধরনের অবহেলা, হয়রানি, খাদ্য সরবরাহে অনিয়ম কিংবা স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘জনগণ চিকিৎসা নিতে হাসপাতালে আসে শেষ ভরসা নিয়ে। সেই ভরসার জায়গায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না। প্রতিটি রোগীকে মানবিক আচরণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্রসূতি বিভাগ, শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকার জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও উন্নত করতে ব্যাপক বিনিয়োগ করছে।কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা সেবায় অবহেলার অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের অধিকার, এটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়াতে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রোগীর সঙ্গে ভালো ব্যবহার এবং দায়িত্বশীলতা স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

সচিব জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। কোনো হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম বা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় বক্তব্য দেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। তিনি বলেন, ‘জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জনগণকে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।’

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, ‘সীমিত জনবল ও নানা চ্যালেঞ্জের মধ্যেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।’

এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজী, ডা. আহসান হাবীবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সচিবের এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায়ের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন নামকরণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রধানমন্ত্রীর নির্দেশনায় থাকছে না ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ছবি: কালের কণ্ঠ

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনঃগণশুনানি করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য নিজেও জেলা প্রশাসককে অনুরোধ জানান।

মায়ের বিরুদ্ধে শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
মায়ের বিরুদ্ধে শিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ
সংগৃহীত ছবি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কেশবপুর গ্রামে ৮ মাস বয়সী এক শিশুকে জীবিত অবস্থায় কবর দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে শিশুটির মা শাহনাজ আক্তার বাড়ির পাশে একটি মাটির ঢিবির পাশে গর্ত খুঁড়ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্র আরো জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার আগের রাতে তাদের মধ্যে ব্যাপক ঝগড়ার কথাও জানান প্রতিবেশীরা।

শিশুটির বাবা হারুন মিয়া অভিযোগ করে বলেন, তার স্ত্রী প্রায়ই সন্তানকে লালন-পালন করতে অনীহা প্রকাশ করতেন এবং বিভিন্ন সময়ে শিশুটির প্রতি অবহেলার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, শিশুটি ছোটবেলা থেকেই মায়ের অবহেলার শিকার ছিল বলে তারা লক্ষ করেছেন। অতীতে শিশুটির ওপর নির্যাতনের অভিযোগও স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়।

অন্যদিকে, শিশুটির মা শাহনাজ আক্তার স্থানীয়দের উপস্থিতিতে দাবি করেন, তিনি সন্তানকে কবর দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়েননি। তার ভাষায়, রাগের মাথায় তিনি ওই কাজ করেছিলেন এবং সন্তানদের প্রতি অবহেলার অভিযোগও সঠিক নয়।

এ ঘটনায় শিশুটির দাদা ও অন্যান্য স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জানান, পরিবারটিতে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং বিষয়টি বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের এক শিশু সড়ক দুর্ঘনায় এবং মো. মহিন সরকার (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

শুক্রবার (১৯ জুন) বিকালে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  এবং একই দিন সকালে অটোরিকশাচাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে একটি ভবনে কাজ করাকালে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মহিন। পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত মো. মহিন সরকার উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে।

অপরদিকে, একই দিন সকালে টোরাগড় এলাকায় পৌর কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অতিক্রমকালে  অটোরিকশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্। 

নিহত শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর তাদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।