• ই-পেপার

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫
সংগৃহীত ছবি

জিএমপির  টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেরোইন সহ তিন  মাদককারবারি ও মাদক সেবী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৯ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় পুলিশি অভিযানে  ৬০ পুঁড়িয়া হেরোইন (ওজন ১৩ গ্রাম) উদ্ধারসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে   জিআর ওয়ারেন্টভুক্ত  একজন এবং মাদকসেবী একজন সহ মোট ৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আাসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  আরিফুর রহমান কালের কন্ঠকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার
উদ্ধার হওয়া শিশু হোসাইন ঢালী। সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে হোসাইন ঢালী (৫) নামের অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া শিশু হোসাইন ঢালী গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলা করছিল হোসাইন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পাশের একটি ডকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

শিশুটির মা বিউটি আক্তার জানান, ঘটনার সময় তিনি বাবার বাড়িতে ছিলেন। পরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পান। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার ছোট খালার স্বামী উজ্জ্বল শিশুটিকে নিয়ে গেছেন।

শিশুটির চাচা মামুন জানান, ওইদিন রাত ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত উজ্জ্বল শিশুটিকে এক বন্ধুর কাছে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে হোসাইনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই অপহরণকারীর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের প্রায় ১২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিয়েরবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
বিয়েরবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়েরবাড়ির উৎসবের ব্যস্ততার আড়ালে পুকুরে ডুবে দুই রোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর  ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই।

পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শিশুদের মা আত্মীয়স্বজনদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। অন্যদিকে বাবা নিজাম উদ্দিনও বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় তারা। পরে পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে অবহিত করার নিয়ম থাকলেও তারা সেটি করেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বলেন, অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশ অবহিত করার জন্য একাধিকবার মিটিং করে চিকিৎসকসহ সকলকে বলেছি। কিন্তু তারা সেই কথা আমলে নিচ্ছে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ জানানো প্রয়োজন। দায়িত্বরতদের অবহেলার বিষয়টি  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করছি তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্যসচিব বাশার

কুবি প্রতিনিধি
কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্যসচিব বাশার
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব মো. আবুল বাশার (বাঁ দিক থেকে)। সংগৃহীত ছবি

দীর্ঘ ছয় বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ সর্বশেষ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে নতুন সদস্যসচিব আবুল বাশার ছিলেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওনকে।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমার নেতা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমাকে মূল্যায়ন করার জন্য। এই দীর্ঘ যাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব সহযোদ্ধা আমার পাশে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কমিটিতে মনোনীত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কমিটি পেয়েছে। এজন্য কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের প্রতি আস্থা রেখে সুন্দর এই কমিটি দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। নবগঠিত এই কমিটির সকল সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এ বিষয়ে সব শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

প্রসঙ্গত, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।