ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দসহ একজনকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নড়াইল জেলার বুড়িখালী গ্রামের মো. বেলায়েত মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।
পরে জব্দ করা এসব যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন, ‘যোগদানের পর থেকেই নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




