জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃক্ষরোপণের মধ্য দিয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ আয়োজনে নতুন কলা ভবনের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে কেক কেটে গবেষণা সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। একই সঙ্গে দুটি প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের অন্যতম প্রধান সূচক। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে গবেষণায় মনোযোগী হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সৃজনশীলতা ও নতুন নতুন উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণায় অগ্রগতি হলে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।
গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities’ শীর্ষক প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব। এ ছাড়া ‘গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত ‘Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদ রেজা। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং ড. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।