• ই-পেপার

জবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কাজের সুফল পাচ্ছে দেশবাসী : ইউজিসি সদস্য মাছুমা হাবিব

শেকৃবি প্রতিনিধি
কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কাজের সুফল পাচ্ছে দেশবাসী : ইউজিসি সদস্য মাছুমা হাবিব
সংগৃহীত ছবি

দেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হওয়া গ্র্যাজুয়েটরাই জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

তিনি বলেন, ‘দেশের অনেক বিশ্ববিদ্যালয় দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করলেও তাদের একটি বড় অংশ বিদেশে চলে যায়। তবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। এসব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশেই থেকে কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকবান্ধব প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন। ফলে দেশের মানুষ সরাসরি তাদের গবেষণা ও উদ্ভাবনের সুফল ভোগ করছে।’

রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাউরেস (SAURES) আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার।

অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ফলেই দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন ফসল, ফল ও প্রযুক্তির বিস্তার ঘটেছে। একসময় যেসব ফল মানুষের কাছে বিলাসিতা ছিল, বর্তমানে সেগুলোর সহজলভ্যতা কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনেরই ফল।’

তিনি আরো বলেন, ‘রাজধানীতে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণালব্ধ উদ্ভাবন ও প্রযুক্তি নীতিনির্ধারকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারে। এতে গবেষণার প্রভাব জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত হবে।’

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একসময় ধারণা ছিল যে পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে। তবে সম্প্রতি পাকিস্তান সফরে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, তারা জ্ঞান-বিজ্ঞান ও উচ্চশিক্ষা ব্যবস্থায় অনেক দূর এগিয়ে গেছে।

সভাপতির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘গবেষণাই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান উৎপাদনের প্রধান মাধ্যম। নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সমাজ ও দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষকদের সময়মতো প্রতিবেদন জমা দেওয়া এবং গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে গবেষণা তহবিল প্রদানের ক্ষেত্রে প্রকাশনা, গবেষণার অগ্রগতি ও জবাবদিহিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্ত বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
আন্ত বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি
ছবি : কালের কণ্ঠ

আন্ত বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতা ২০২৫-২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে বাকৃবি কেরাম দল।

রবিবার (২১ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্ত বিশ্ববিদ্যালয় ক্যারামের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে কোয়ার্টার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ও সেমিফাইনালে কুয়েটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাকৃবি। ফাইনাল খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সরাসরি ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। এবারের ক্যারাম প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাকৃবি ক্যারাম দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং দলের কোচের দায়িত্বে ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক মো. শাহীন হালিম। 

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের এমন অর্জন বরাবরই ভালো লাগে উপভোগ করি। আমাদের টিমটা অনেক ভালো ছিল। প্রতিযোগিতাজুড়ে ছেলেরা ডোমিনেন্ট করে জিতেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ক্যাম্পাসের বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড খুব একটা নেই। সাধারণত দল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম খেলায় দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করে। তাই ক্যারামে এই চ্যাম্পিয়নশিপ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় সাফল্য।’

তিনি আরো বলেন, ‘একক ইভেন্টেও আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছিল। তবে কোয়ার্টার ফাইনালে কিছু ভুলের কারণে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ি। তবে আশার কথা খেলোয়াড়দেরকে কেরাম ফেডারেশন থেকে আগামী মাসের ৩ তারিখে একটি ফ্রি ক্যাম্পেইনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে প্রি-সিলেকশন থাকতে পারলে তাদের জাতীয় দলে খেলার সুযোগের সম্ভাবনা রয়েছে।’

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণে ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

রবিবার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন পর্যন্ত করা হয়েছে। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত।

কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। আর আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়। পরে কারিগরি ত্রুটি সমাধান হওয়ায় যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ইনপুট করতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় বাড়ানো হলো।

প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট ও বিক্ষোভ
সংগৃহীত ছবি

ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা বয়কট করার পর শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে দেখা করে প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করার আনুষ্ঠানিক দাবি জানায়। একই সঙ্গে সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) বরাবর এই দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মানুযায়ী প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম থাকার কথা থাকলেও প্রশাসন তা এড়িয়ে যাচ্ছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু প্রশাসনের বর্তমান ভূমিকা দেখে আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস রাখতে পারছি না। আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ উল্লেখ থাকত, তাহলে শিক্ষার্থীরা সান্ত্বনা পেত। প্রশাসন শুধু ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একই সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই ক্যাম্পাসগুলোই এর মূল ভিত্তি। অথচ প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশ্নপত্রে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ থাকতে হবে।’