লক্ষ্মীপুরে উসকানিমূলক বক্তব্য দিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়। মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এদিকে মিছিল থেকে ‘তুমিও জানো আমিও জানি, জামায়াত-শিবির পাকিস্তানি’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও'সহ জামায়াত-শিবির ও আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না, শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান হোসেন কিরন, সদস্যসচিব ইয়াছিন বাবলু, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন ও সদর (পশ্চিম) ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহবাজ চৌধুরী জিদান বলেন, ‘গুপ্ত সংগঠন শিবির নেতা বক্তব্য দিয়েছেন বিএনপি নাকি মাদকের টাকায় চলে। তাদের হুঁশিয়ারি করে দিয়ে বলে দিতে চাই, বিএনপি নয়, জামায়াত-শিবির চলে মাদকের টাকায়, টেন্ডারবাজির টাকায় ও সড়কের চাঁদাবাজির টাকায়। বিএনপির বিরুদ্ধে আর যদি কোন মুখ দিয়ে মিথ্যাচার করা হয়, সেই মুখে তালা দিয়ে দেওয়া হবে।’






