কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর খামারবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে খামারবাড়ি সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বর ও এর চারপাশের সড়ক প্রদক্ষিণ শেষে এক গণজমায়েতে মিলিত হয়।
গণজমায়েতে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।’ জাতীয়তাবাদী কৃষিবিদদের সঙ্গে নিয়ে রাজপথে থেকেই এসব অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী সব কর্মকাণ্ড মোকাবিলা করতে দেশের কৃষিবিদ সমাজ আজ ঐক্যবদ্ধ। এ্যাব সব কৃষিবিদকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা রুখে দিয়ে প্রধানমন্ত্রীকে শক্তিশালী করতে কাজ করে যাবে।
গণজমায়েতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এ্যাবের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য অধ্যাপক জামশেদ আলম রিপন, কৃষিবিদ নুরুন্নবী শ্যামল ও কৃষিবিদ মাহবুবুর রশিদ প্রমুখ।




