সম্পূর্ণ অনাড়ম্বরপূর্ণ পরিবেশে জনহিতকর নানা কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) তাদের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালন করেছে। নিজের জন্মদিনে কোনো রকমের শোডাউন না করার বিষয়ে আগে থেকেই তিনি কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ফলে জেডআরএফ কর্তৃক রাজধানীতে গতকাল দিনব্যাপী অনাড়ম্বরপূর্ণ ও জনকল্যাণমূলক বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেডআরএফ। জনহিতকর কর্মসূচিগুলোর মধ্যে ছিল- দরিদ্র শিশুদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদান। তাদের মধ্যে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ। মানবতার কল্যাণে দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সহায়তামূলক কার্যক্রম।
রাজধানীর টিঅ্যান্ডটি মহিলা কলেজ ছাড়াও মহাখালী ওয়্যারলেস গেট এলাকায়ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালের শুরুতেই ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অতঃপর নানা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, সুবিধাবঞ্চিত শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পথশিশুদের মধ্যে খাবার পরিবেশন এবং কলেজ মাঠে গাছের চারা রোপণ করা হয়। জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান নিজের জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর এবং দেশের ও মানুষের জন্য কল্যাণমূলক কাজকেই উৎসাহিত করেন। ঢাকায় আয়োজন করা হয় এক শিরোনামহীন সেমিনারের। কোনো রকমের ব্যানার কিংবা পোস্টার কিছুই ছিল না এতে। এমনকি অনুষ্ঠানে ছিলেন না কোনো সভাপতিও।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। তিনি প্রচার নয়, মানুষের কল্যাণ করাই বেশি পছন্দ করেন।
মঈন খান বলেন, জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।
পরে ড. আবদুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিমগাছ রোপণ করেন। এ ছাড়া পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিলওয়াত করেন মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুল ইসলাম নাফিজ। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ড্যাবের সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, বেসরকারি মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক মাহমুদুল হাসান, ডা. তানজীন রুবাইয়াত আফিফ, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইকরামুল হাসান সৌরভ, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. জহুরুল ইসলাম, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরীসহ টিঅ্যান্ডটি মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন