• ই-পেপার

আসল পরিশোধে ঋণমুক্তি

  • উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ

কঠোর পদক্ষেপ নিতে হবে

মানবপাচারে দালালের দৌরাত্ম্য

কঠোর পদক্ষেপ নিতে হবে

দেশে কর্মসংস্থানের সংকট, আকাশছোঁয়া বেকারত্ব ও উন্নত জীবনের প্রলোভনে পড়ে অনেকে অবৈধভাবে বিদেশে গিয়ে প্রতারিত হন। তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দেওয়া হয় না। অনেকে জিম্মিদশার শিকার হন। চলে জুলুম-নির্যাতন। আবার চাইলে বাড়িও ফেরা যায় না। সে ক্ষেত্রেও লাখ লাখ টাকার মামলা। এভাবে বহু পরিবার নিঃস্ব হচ্ছে।

কালের কণ্ঠের খবরে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ায় গিয়ে হাজারো বাংলাদেশি ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের চাকরির কথা বলে নিয়ে যাওয়া হলেও পরবর্তী সময়ে তাঁদের অনলাইন স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাঁদের বাধ্য করা হয় প্রতারণার কাজে। এমনই এক ভুক্তভোগী নোয়াখালীর আব্দুল্লাহ আল শাকিল গত ফেব্রুয়ারিতে দালালদের মাধ্যমে কম্বোডিয়ায় যান। তাঁকেও এক স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয়। পরবর্তী সময়ে পরিবারের কাছ থেকে নিয়ে দুই লাখ টাকা পরিশোধের পর কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন। আরেক খবরে দেখা গেছে, রাজবাড়ী জেলার আলী হাসান সোহেল অটোরিকশা চালাতেন। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য ফেরাতে কষ্টের টাকা দিয়ে রাশিয়ায় পাড়ি জমান। কথা ছিল, মাসে ৬০ হাজার রুবলে নির্মাণকাজ দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, নামমাত্র ট্রেনিং দিয়ে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। ড্রোন হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল। ভিডিও কলে কান্নাজড়িত কণ্ঠে দেশে ফেরার আকুতি জানিয়েছেন তিনি। সোহেলের মতো আরো অনেক বাংলাদেশিকে রাশিয়ায় যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে।

এটি ঠিক যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে যাঁরা বৈধ পথে বিদেশে যান, তাঁরা প্রতারণার শিকার হন না। কিন্তু আমাদের মতো জনবহুল দেশের বাস্তবতা হলো, বহু লোক দালালদের কথা বিশ্বাস করেন বা ভুঁইফোড় এজেন্সির মাধ্যমে বিদেশে যান। অনেকে সরকারি দপ্তরের নিয়ম-কানুন বোঝেন নামূলত দালালরা তাঁদেরই টার্গেট করে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মানবপাচার ও প্রতারণা প্রতিরোধে কঠোর আইন থাকলেও মাঠ পর্যায়ে দালালচক্রের বিরুদ্ধে শাস্তির নজির কম। এ কারণেও দালালদের দৌরাত্ম্য কমছে না।

দেশের মানুষ জীবিকার তাগিদে ভিটামাটি বিক্রি করে বিদেশে যেতে চান, তাঁরা যেন প্রতারণার শিকার না হন, সেটি নিশ্চিত করা দরকার। এ জন্য দালালচক্রের অপতৎপরতা বন্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে হবে। বিএমইটির পরিষেবা যেন সাধারণ মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছানো যায়, সে জন্য প্রতিষ্ঠানটির কর্মপরিধি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন সাধারণ মানুষের সচেতন প্রয়াসও।

কার্যকর ব্যবস্থা নিন

গ্যাসসংকটে ধুঁকছে শিল্প খাত

কার্যকর ব্যবস্থা নিন

দেশের শিল্প খাতে গ্যাসের সংকট তীব্র। দৈনিক ঘাটতি থেকে যাচ্ছে প্রায় এক হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। শিল্প-কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে সব প্রক্রিয়া শেষ করে ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে বসে আছে শত শত প্রতিষ্ঠান, অথচ গ্যাসের সংযোগ মিলছে না। এর মধ্যে শিল্প খাতে অনেক নতুন সংযোগের আবেদনও জমা পড়ছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়ছে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তথা গোটা অর্থনীতিতেই।

কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাড়ে ৫০০। কিন্তু চার-পাঁচ বছরেও তারা গ্যাসের সংযোগ পায়নি। এতে উৎপাদন শুরু করতে না পারায় উদ্যোক্তাদের মাথার ওপর ব্যাংকঋণের সুদ, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ অন্যান্য আর্থিক চাপ বেড়েই চলছে। শুধু তা-ই নয়, সরকারের অধিকারপ্রাপ্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতেও গ্যাসের আকাল। দেশের শিল্পায়নে গতি ফেরাতে গড়ে তোলা এসব শিল্পপ্রতিষ্ঠান প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করেও গ্যাস সংযোগের অভাবে উৎপাদনে যেতে পারছে না। বলা বাহুল্য, এতে যে লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছিল, সেটিই পূরণ হচ্ছে না। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র এবং সার কারখানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না।

সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকেও বলা হয়, গত চার-পাঁচ বছরে শিল্পে কোনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ডিমান্ড নোট পরিশোধ করা প্রায় ৪৯০টি প্রতিষ্ঠান গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে। তবে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের এই সংকট রাতারাতি তৈরি হয়নি। এটি মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, নিজস্ব গ্যাস অনুসন্ধানে অচলাবস্থা এবং আমদানীকৃত এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরশীলতারই ফল। অথচ শিল্প মালিকরা বারবার গ্যাসের দাম বাড়াতে সম্মত হয়েছেন এই শর্তে যে তাঁরা নিরবচ্ছিন্ন সরবরাহ পাবেন। কিন্তু চড়া দাম দেওয়ার পরও চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না। বর্তমানে দেশে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না করা গেলে সংকট আরো প্রকট হবে।

আমরা মনে করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাসসংকটকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধানে এগিয়ে আসবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে এগিয়ে যেতে হবে।

বাস্তবায়নে জোর দিতে হবে

নতুন বাজেটের যাত্রা শুরু

বাস্তবায়নে জোর দিতে হবে

কিছু সংযোজন-বিয়োজনের পর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। বাজেটের আকার হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ছয় লাখ চার হাজার কোটি টাকা। বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি এবং বিদেশি উৎস থেকে এক লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

গত মঙ্গলবার জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল ২০২৬ পাসের মাধ্যমে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। বাজেট পাসের আগে সোমবার অর্থ বিল ২০২৬ সংসদে পাস হয়। এতে সংসদ সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে ৬৪টি সংশোধনী গ্রহণ করা হয়। সংশোধনীর মাধ্যমে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও তথ্য-প্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের আয়কর হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে এবং নীতি সুদ হার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির লক্ষ্য আগামী ছয় মাসে ৬.৮ শতাংশ হারে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়বে। ব্যাংক থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, গত মে মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত চলমান ষাণ্মাসিকে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই লক্ষ্য কোনো মাসেই অর্জিত হয়নি। আগামী ছয় মাসের জন্য নির্ধারিত ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

এদিকে নীতি সুদ হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, টানা চার বছর কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি। ফলে প্রবৃদ্ধি ও বিনিয়োগ বান্ধব জাতীয় বাজেটের সুফল অনেকটাই ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ব্যাবসায়িক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলকে স্বাগত জানিয়েছে ডিসিসিআই। সংগঠনটি বলেছে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই তহবিলের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

কিছু সমালোচনা সত্ত্বেও বাজেটে অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাসহ জনকল্যাণে বহু অঙ্গীকার রয়েছে। আমরা আশা করি, সেসব বাস্তবায়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দেশের অর্থনীতিতে মূল ভূমিকা পালনকারী বেসরকারি খাতকে চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দুর্ভোগ কমাতে হবে

এনআইডির তথ্য সংশোধন

দুর্ভোগ কমাতে হবে

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এখন নানা জরুরি কাজে ব্যবহৃত হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, জমি কেনাবেচা, সরকারি ভাতা গ্রহণ থেকে শুরু করে মোবাইল সিম কার্ড কেনা পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে এনআইডি অপরিহার্য। কিন্তু পরিতাপের বিষয় হলো, কোটি কোটি নাগরিকের এই গুরুত্বপূর্ণ সনদে রয়ে গেছে অসংখ্য তথ্যবিভ্রাট। আর এই ভুলের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। একটি তথ্য সংশোধন করতে গেলে নাগরিকদের মাসের পর মাস, বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া রয়েছে দালালচক্রের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে সংশ্লিষ্ট কর্মকর্তারাও মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।

কালের কণ্ঠের খবরে জানা গেছে, এনআইডিতে একটি ভুল তথ্য সংশোধন করতে গিয়ে এক ব্রিটিশ-বাংলাদেশির পাঁচ বছর লেগেছে। ভুক্তভোগী সাবুল মিয়া এক-দুবার নয়, মোট চারবার আবেদন করেছেন। প্রতিবারই নতুন নতুন নথিপত্র চাওয়া হয়েছে। বারবার আশ্বাস দেওয়া হয়েছে, ‘কাজ হয়ে যাবে’; কিন্তু কাজ হয়নি। এ জন্য তাঁকে বারবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ছোটাছুটি করতে হয়েছে। অথচ তাঁর এনআইডিতে ভুল ছিল মাত্র একটি। তাঁর প্রকৃত বয়স ৮৭, কিন্তু এনআইডিতে লেখা হয় ৭৮। এতে তাঁর বয়স ৯ বছর কমে যায়। এই ভুল সংশোধনের জন্য তিনি প্রথমে যান সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে। সেখানেই তাঁকে পাঁচ বছর নাকানিচুবানি খেতে হয়েছে। অবশেষে চলতি বছর ২৪ মে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে তাঁর কাজ সম্পন্ন হয়। খোঁজ নিলে দেখা যাবে, সাবুল মিয়ার মতো তিক্ত অভিজ্ঞতা অনেকেরই।

এখন ডিজিটাল যুগ। নানা ক্ষেত্রে আগের তুলনায় গতি এসেছে। সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের অনেক সুযোগ তৈরি হয়েছে। এই সময়ে এসে জাতীয় নাগরিকত্ব সনদ সংশোধনের প্রক্রিয়ায় এত অব্যবস্থাপনা, এত মন্থরগতি মেনে নেওয়া যায় না। এনআইডি সংশোধনের পুরো প্রক্রিয়াকে আরো সহজ, স্বচ্ছ এবং সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এখন সময়ের দাবি। ভুলের ধরন অনুযায়ী ক্যাটাগরি ভাগ করে একটি নির্দিষ্ট সময়সীমা ১৫ বা ৩০ দিন বেঁধে দেওয়া যেতে পারে। এই সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে কর্মকর্তারা বাধ্য থাকবেন। ওয়াকিফহাল মহলের অভিমত, এমন পদক্ষেপ ছাড়া সাধারণ মানুষের ভোগান্তি কমবে না।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনে একটি কার্যকর ও নাগরিকবান্ধব ব্যবস্থা গড়ে তুলবে।