শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হচ্ছে পড়াশোনার বিষয় বা লাইন নির্বাচন। শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সফল হওয়ার চিন্তা থেকেই কোনো একটি পথ, বিষয়, ধরন বা পড়াশোনার লাইন বেছে নেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আর আগের মতো নেই। ডিগ্রির পাশাপাশি প্রয়োজন দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, সৃজনশীলতা এবং বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত পাঁচ ধরনের শিক্ষাব্যবস্থা বেশি দেখা যায়—একাডেমিক শিক্ষা, কোর্সভিত্তিক শিক্ষা, প্রফেশনাল শিক্ষা, স্কিল-বেইসড শিক্ষা ও চার্টার্ড ডিগ্রি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো জানা উচিত।
একাডেমিক ও গবেষণাভিত্তিক পড়াশোনা
একাডেমিক শিক্ষা হলো বাংলাদেশের সবচেয়ে প্রচলিত শিক্ষাব্যবস্থা। বিশ্ববিদ্যালয় বা কলেজে যেসব ডিগ্রি দেওয়া হয়, যেমন—বিভিন্ন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর কিংবা পিএইচডি—এসবই একাডেমিক শিক্ষার অন্তর্ভুক্ত। এই শিক্ষাব্যবস্থায় সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে। ক্লাস, মিডটার্ম, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এখানে জ্ঞানচর্চা, বিশ্লেষণী ক্ষমতা, গবেষণা ও তাত্ত্বিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকতা, গবেষণা, বিসিএস, ব্যাংকিং, করপোরেট চাকরি ও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ ধরনের পড়াশোনার মূল্যায়ন অবশ্যই আছে। তবে শুধু ডিগ্রি থাকলেই এখন আর সফলতা নিশ্চিত হয় না; বরং সফট স্কিল, ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতাও জরুরি হয়ে উঠেছে। কারণ বাংলাদেশের বাস্তবতায় শুধু ডিগ্রি নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।
কোর্সভিত্তিক পড়াশোনা
বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে ডিপ্লোমা, ভোকেশনাল ট্রেনিং, সার্টিফিকেট কোর্স, আইটি ট্রেনিং ও টেকনিক্যাল শিক্ষার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কারণ এই শিক্ষাব্যবস্থায় কম সময়ে দক্ষতা অর্জন করে দ্রুত চাকরিতে প্রবেশ করা যায়। এ ধরনের শিক্ষায় থিসিস বা গবেষণার চাপ নেই বললেই চলে। এখানে হাতে-কলমে কাজ শেখায় জোর দেওয়া হয়; যেমন—হোটেল ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিং, মেডিক্যাল টেকনোলজি, আইটি সাপোর্ট ইত্যাদি। অনেক শিক্ষার্থী আর্থিক কারণে দ্রুত আয় করতে চান। তাই তাঁরা এই ধরনের কর্মমুখী বা কারিগরি শিক্ষা বেছে নেন। তবে এই ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এখানে গভীর তাত্ত্বিক জ্ঞান তৈরি হয় না। তাই কোর্স নির্বাচনের আগে প্রতিষ্ঠানের মান যাচাই করাও জরুরি।
প্রফেশনাল শিক্ষা কেন জরুরি
বাংলাদেশে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, ফার্মেসি ও আর্কিটেকচার দীর্ঘদিন ধরে সবচেয়ে সম্মানজনক শিক্ষাব্যবস্থা হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারণ এই শিক্ষাগুলো শুধু ডিগ্রি নয়, বরং সরাসরি একটি পেশার সঙ্গে যুক্ত। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার সমাজে বিশেষ মর্যাদা পান। দীর্ঘ মেয়াদে এ ধরনের পেশাজীবীদের ক্যারিয়ার স্থিতিশীল। তাই এ ধরনের শিক্ষায় প্রতিযোগিতাও অনেক বেশি। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লাখো শিক্ষার্থী অংশ নেন, কিন্তু সুযোগ পান অল্পসংখ্যক শিক্ষার্থী।
দক্ষতানির্ভর শিক্ষা
বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা হলো দক্ষতানির্ভর শিক্ষা। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এআই, সাইবার সিকিউরিটি, ভিডিও এডিটিং, ইউআই/ইউএক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো দক্ষতার চাহিদা এখন বিশ্বব্যাপী। এসব শিক্ষা বা দক্ষতার সবচেয়ে বড় সুবিধা হলো, দ্রুত আয় শুরু করা যায়। আন্তর্জাতিক বাজারেও কাজের সুযোগ তৈরি হয়। বাংলাদেশে এখন হাজারো তরুণ ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশি ক্লায়েন্টের কাজ করছেন। তবে এই লাইনে সফল হতে হলে আত্মনিয়ন্ত্রণ, ধারাবাহিক শেখার মানসিকতা এবং প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রয়োজন। এ ক্ষেত্রে ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি মূল্যায়ন করা হয়।
চার্টার্ড ডিগ্রির চ্যালেঞ্জ ও সুবিধা
বাংলাদেশে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং অথচ উচ্চ সম্ভাবনাময় শিক্ষাব্যবস্থাগুলোর একটি হলো চার্টার্ড শিক্ষা। আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবির মতো প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্টিং, অডিট, ফিন্যান্স, ট্যাক্সেশন ও করপোরেট গভর্ন্যান্সের ওপর প্রফেশনাল কোর্স পরিচালনা করছে। এই ব্যবস্থায় সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিদিন ক্লাস, প্রেজেন্টেশন বা উপস্থিতির চাপ কম থাকলেও খুব কঠিন পরীক্ষা হয়। পাসের হার কম হওয়ায় অনেক শিক্ষার্থী মাঝপথে হতাশ হয়ে পড়েন। তবে যাঁরা সফলভাবে সব ধাপ অতিক্রম করতে পারেন, তাঁদের কপাল খুলে যায়। করপোরেট জগতে তাঁরা উচ্চ বেতনের চাকরি পান। তাঁদের দ্রুত ক্যারিয়ার গ্রোথেরও সুযোগ তৈরি হয়। বাংলাদেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে চার্টার্ড পেশাজীবীদের চাহিদা দিন দিন বাড়ছে।
শুধু ডিগ্রিই যথেষ্ট নয়
একসময় সমাজে ধারণা ছিল, অনার্স-মাস্টার্স শেষ করলেই চাকরি পাওয়া যাবে। কিন্তু বর্তমান বাস্তবতা একেবারেই ভিন্ন। এখন চাকরিদাতারা শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানকেও গুরুত্ব দিচ্ছেন। অনেক প্রতিষ্ঠানে স্নাতকধারীরা চাকরি পাচ্ছেন না। কারণ তাঁদের বাস্তব কাজের অভিজ্ঞতা নেই। অন্যদিকে একজন দক্ষ সফটওয়্যার ডেভেলপার বা ডিজিটাল মার্কেটিং অনেক সময় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াও আন্তর্জাতিক মার্কেটে দাপট নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই বর্তমান যুগে ডিগ্রি ও দক্ষতার সমন্বয় করতে পারলেই ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।
চাকরির বাজারে পরিবর্তন
বাংলাদেশের চাকরির বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগে সরকারি চাকরি বা ব্যাংকিংকেই সবচেয়ে নিরাপদ ক্যারিয়ার মনে করা হতো। এখন প্রযুক্তিনির্ভর পেশার চাহিদা দ্রুত বাড়ছে। এআই, ডেটা অ্যানালিটিকস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো খাতে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি রিমোট জব ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগও বাড়ছে। ফলে একজন বাংলাদেশি তরুণ এখন দেশের বাইরে না গিয়েও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারছেন। ভবিষ্যতের চাকরির বাজারে সবচেয়ে মূল্যবান হবে প্রবলেম সলভিং স্কিল, কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভিটি ও টেকনোলজি অ্যাডাপ্টেবিলিটি।
অভিভাবকদের নতুন করে ভাবতে হবে
বাংলাদেশে এখনো অনেক পরিবার মনে করে, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হলেই জীবন সফল! ফলে অনেক শিক্ষার্থী নিজের আগ্রহের বিরুদ্ধে গিয়ে অভিভাবকের চাপে পড়াশোনা করেন। পরে তাঁরা হতাশ হয়ে পড়েন। বাস্তবে সবাই তো একই ক্ষেত্র বা কাজে দক্ষ নন। কেউ গবেষণায় ভালো, কেউ প্রযুক্তিতে, কেউ সৃজনশীল কাজে, আবার কেউ নেতৃত্বে। একজন শিক্ষার্থীর দক্ষতা, আগ্রহ ও ব্যক্তিত্ব বুঝে তাঁকে পথ বেছে নিতে সহায়তা করা উচিত। কারণ জোর করে চাপিয়ে দেওয়া বিষয় বা ক্যারিয়ার দীর্ঘ মেয়াদে সন্তানের মানসিক চাপ ও ব্যর্থতার কারণ হতে পারে।
ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা
ভবিষ্যতে শুধু মুখস্থনির্ভর পড়াশোনা দিয়ে টিকে থাকা কঠিন হবে। ভবিষ্যতের শিক্ষা হবে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব সমস্যার সমাধানকেন্দ্রিক। এআই ও অটোমেশন অনেক প্রচলিত চাকরির স্থান দখল করে নিচ্ছে। ভবিষ্যতে এই প্রবণতা অনেক বেড়ে যাবে। তাই ভবিষ্যতে শুধু তাঁরাই সফল হবেন, যাঁরা নতুন প্রযুক্তি শিখতে পারবেন, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি কোডিং এআই, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ ও এন্টারপ্রেনারশিপের মতো দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সফলতা কোন পথে
সফলতা নির্ভর করে একজন মানুষের আগ্রহ, পরিশ্রম, ধৈর্য, দক্ষতা ও মানসিকতার ওপর। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন সফল হতে পারেন, তেমনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সফটওয়্যার ডেভেলপার, ডাক্তার বা গ্রাফিক ডিজাইনারও নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারেন। আসল বিষয় হলো নিজের শক্তি ও আগ্রহ বুঝে সঠিক পথ নির্বাচন করা এবং ধারাবাহিকভাবে নিজের উন্নয়ন করা। সব সময় শেখার মানসিকতা রাখতে হবে।